‘সেভেন আপ‘ মনে করিয়ে দিল বার্সেলোনা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১০:৩৬ এএম

নিজেদের দিনে কতটা শক্তিশালী হতে পারে তারই নিদর্শন দেখিয়েছে বার্সেলোনা। চার ম্যাচ ধরে জয় বঞ্চিত থাকা কাতালানদের এমন চেহারা দেখতে সময় লাগলো প্রায় দুমাস। ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার জালে গুণে গুণে ৭ গোল দিয়ে রীতিমতো উৎসব করেছে বার্সা। বার্সার জার্মান কোচও নাম লিখিয়েছেন অনন্য এক কীর্তিতে। হেলেনিও হেরেইরার পর দ্বিতীয় কোচ হিসেবে সবচেয়ে কম ৩২ ম্যাচে শততম গোলের মাইলফলক ছুঁয়েছেন হানসি ফ্লিক।

৩ ডিসেম্বর মায়োর্কার বিপক্ষে ৫-১ গোলের জয় ছিল লা লিগায় বার্সেলোনার সবশেষ জয়। এরপর রিয়াল বেতিস ও হেতাফের বিপক্ষে ড্র এবং লেগানেস ও আতলেতিকো মাদ্রিদের কাছে হারতে হয় কাতালানদের। লিগে দুই জয়ের মাঝের ৫৪ দিনে অবশ্য কোপা দেল রে, চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ সুপার কাপে খেলা ৬ ম্যাচই জেতে ক্লাবটি। লা লিগা ছাড়া অন্য প্রতিযোগিতায় সবশেষ ৩ ম্যাচেই ৫টি করে গোল করে বার্সা। এবার লিগে সেটিও ছাপিয়ে যান তারা।

গত অক্টোবরে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ৫৪ সেকেন্ডে গোল করেছিলেন রাফিনহা। রবিবার রাতের ম্যাচে মৌসুমে দ্বিতীয় দ্রুততম গোলের কীর্তি গড়েন ফ্র্যাংকি ডি ইয়ং। ২ মিনিট ২৫ সেকেন্ডে জালভেদ করে বার্সার গোল উৎসবের সূচনা করেন তিনি। প্রথমার্ধেই ভ্যালেন্সিয়ার জালে ৫ বার বল পাঠায় বার্সা। প্রথম ৩ গোল আসে ১৪ মিনিটের মধ্যে। ভ্যালেন্সিয়া এক গোল শোধ করে দ্বিতীয়ার্ধে। বার্সার হয়ে জোড়া গোল করেন ফেরমিন লোপেজ। এছাড়া জালের দেখা পেয়েছেন ফ্র্যাংকি ডি ইয়ং, ফেরান তরেস, রাফিনহা ও রবার্ট লেভানডফস্কি। আরেকটি গোল এসেছে আত্মঘাতী।

লিগে ২১ ম্যাচের পর ১৩ জয়, ৩ ড্র ও ৫ হারে বার্সার পয়েন্ট ৪২। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৯। আর দুইয়ে থাকা আতলেতিকোর ৪৫। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত