জনগুরুত্বপূর্ণ মামলা সম্প্রচারের নির্দেশনা চেয়ে রিট

উচ্চ আদালতে জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলার শুনানি সরাসরি সম্প্রচারের (লাইভ স্ট্রিমিং) নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল সোমবার চারজন আইনজীবী, দুজন শিক্ষানবিশ আইনজীবী ও চার আইন শিক্ষার্থীর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

আবেদনকারীরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ সাদিক, মিজানুল হক, ঢাকা কোর্টের আইনজীবী যায়েদ বিন আমজাদ, শিক্ষানবিশ আইনজীবী মাহমুদুল হাসান, সাব্বির আহমদ প্রমুখ। আবেদনে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আইন সচিব এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিবকে বিবাদী করা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় এলে আবেদনটির ওপর শুনানি হবে বলে জানান আইনজীবী।

অ্যাডভোকেট শিশির মনির বলেন, ‘তথ্য জানার অধিকার আইন দ্বারা স্বীকৃত। স্বচ্ছ বিচার পাওয়া সংবিধান স্বীকৃত অধিকার। পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ মামলার শুনানি সরাসরি সম্প্রচার করা হয়। আমাদের সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী স্বচ্ছ এবং জবাবদিহিমূলক বিচার একটি মৌলিক অধিকার। তাই এই রিট আবেদন করা হয়েছে।’

তিনি আরও বলেন, রিট আবেদনে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলার শুনানি কেন সরাসরি সম্প্রচার করা হবে না মর্মে রুলের আরজি জানানো হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে একটি নীতিমালা প্রণয়নে একটি কমিটি গঠনের নির্দেশনা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেন যৌক্তিক সহযোগিতা দেয়, সে বিষয়েও নির্দেশনা চাওয়া হয়েছে।