পারিশ্রমিক দিতে দেরি করা রাজশাহী এবার বোনাস দিচ্ছে তাসকিন-বিজয়দের

বিতর্ক আর ভোগান্তির মাঝেও এবারের বিপিএলে সবচেয়ে আলোচিত দল দুর্বার রাজশাহী। খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে দেরি, হোটেল বিল নিয়ে ঝামেলা—এমন নানা সমস্যার মধ্যে থাকলেও টানা তিন ম্যাচ জিতে প্লে-অফের স্বপ্ন জাগিয়েছে তারা। মাঠে ঘুরে দাঁড়ানো এই দলের ক্রিকেটারদের এখন বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী। 

রাজশাহীর বিতর্কের গল্প শুরু হয় চট্টগ্রাম পর্বে। ১৭ জানুয়ারি ম্যাচের আগের দিন অনুশীলনে নামতে অস্বীকৃতি জানান খেলোয়াড়রা। প্রতিশ্রুত প্রথম ২৫ শতাংশ পারিশ্রমিক না পাওয়ার কারণেই এমন প্রতিবাদ।

এরপর চট্টগ্রামের হোটেল বিল নিয়েও ঝামেলা পোহাতে হয় রাজশাহীকে। ঢাকায় ফেরার পর পরিস্থিতি আরও খারাপ হয়। পাওনা না পেয়ে বিদেশি ক্রিকেটাররা মাঠেই নামতে অস্বীকৃতি জানান। তবে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে দল মাঠে নেমে হারিয়ে দেয় শক্তিশালী রংপুরকে।

সোমবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয়ের মাধ্যমে গ্রুপ পর্ব শেষ করে রাজশাহী। ১২ ম্যাচে ৬ জয় নিয়ে তারা এখন প্লে-অফের দৌড়ে ভালোভাবেই টিকে আছে।

টানা তিন ম্যাচ জেতার পর রাজশাহীর মালিক শফিকুর রহমান উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আমাদের মাথাতেই ছিল যে আমরা (শেষ চারে) যাব। মানুষ অনেক কথা বলেছে, তবে আমরা বদ্ধপরিকর ছিলাম। আমরা দেখিয়ে দেব। বিদেশি খেলোয়াড়দের সঙ্গে এক ভুল–বোঝাবুঝি হয়েছিল, তবে আমাদের ছেলেরা তো আছেই।’

বোনাসের প্রশ্নে শফিকুর রহমান বলেছেন, ‘আমরা সব সময় বোনাস দিই, ঘোষণা শুনবেন।’

রাজশাহীর ঘুরে দাঁড়ানোর পেছনে বড় ভূমিকা রেখেছেন পেসার তাসকিন আহমেদ। ২০ জানুয়ারি দলের দায়িত্ব নেওয়ার পর তার নেতৃত্বে দল পেয়েছে নতুন গতি। অধিনায়ক তাসকিনের প্রশংসা করে দলটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান বলেন, 'তাসকিন পারফেক্ট অধিনায়ক। আমরা পরিকল্পনা করেই নেতৃত্ব পরিবর্তন করেছি, আর তাতে সফল হয়েছি।'

বিতর্ক পেছনে ফেলে রাজশাহী এখন প্লে-অফের টিকিট পাওয়ার লড়াইয়ে। মাঠে ও মাঠের বাইরে এমন আলোচিত অধ্যায় রচনা করে বিপিএলকে রঙিন করেছে দুর্বার রাজশাহী।