লালমনিরহাট সদরের সোনালী ব্যাংকের বড়বাড়িহাট শাখায় সুড়ঙ্গ খুঁড়ে চুরির চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। তবে স্থানীয় লোকজন সুড়ঙ্গ খোঁড়ার বিষয়টি টের পাওয়ার কারণে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানিয়েছে সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী। তবে ব্যাংক থেকে কোনো টাকা খোয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মঙ্গলবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ব্যাংক কর্র্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, সোমবার মধ্যরাতে ব্যাংকের পেছনের দেয়াল ঘেঁষে খোঁড়া সুড়ঙ্গ দিয়ে প্রবেশের চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে ব্যাংকটির একজন নিরাপত্তা প্রহরী বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এতে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও সেনাবাহিনী। পরে সেখানে একটি সুড়ঙ্গ আবিষ্কার করেন তারা। সুড়ঙ্গটি ব্যাংকের রেকর্ডরুমে প্রবেশের জন্য বিশেষভাবে খোঁড়া হয়েছিল। সুড়ঙ্গটি খুঁড়তে ড্রিল মেশিন, করাত এবং লোহার সরঞ্জামের ব্যবহার করা হয়েছে।
এ ঘটনায় সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক রাজু মিয়া বাদী হয়ে সদর থানায় অভিযোগ করেছেন। লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী বলেন, তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। বড়বাড়িহাট সোনালী ব্যাংক শাখার বাইরের অংশে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। তবে তদন্তের স্বার্থে ব্যাংকের ভেতরে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। এ ঘটনায় রংপুর সোনালী ব্যাংক বিভাগীয় অফিস থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
পাঁচ বছর আগে সোনালী ব্যাংকের এই শাখায় ছাদ কেটে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। ব্যাংকটির শাখা ব্যবস্থাপক রাজু মিয়া বলেন, নিরাপত্তাব্যবস্থার উন্নতি করা না হলে ভবিষ্যতে বড় ঘটনা ঘটার আশঙ্কা আছে।