পারমাণবিক সক্ষমতা বাড়াবে উ. কোরিয়া

চলতি বছরেই নিজেদের পারমাণবিক শক্তি আরও বৃদ্ধির নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বুধবার একটি পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র ও পারমাণবিক অস্ত্র গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, কর্মরত বিজ্ঞানী ও অন্য কর্মীদের উল্লেখযোগ্য সাফল্য এবং অবিশ্বাস্য উৎপাদন ফলাফল অর্জনের প্রশংসা করেছেন কিম। এই পরিদর্শনের পর অস্ত্র-উপযোগী পারমাণবিক উপাদান তৈরির প্রক্রিয়া সম্পর্কে তাকে ব্রিফ করার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। কিম বলেন, এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের পারমাণবিক শক্তি বৃদ্ধির কৌশলের গুরুত্বপূর্ণ একটি সন্ধিক্ষণ। তিনি আরও বলেন, উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি রয়েছে। সবচেয়ে শত্রুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্বের ফলে আজ তারা এ পরিস্থিতিতে পড়েছে। এই পরিস্থিতিতে পারমাণবিক সক্ষমতা আরও বৃদ্ধি করা ছাড়া অন্য পথ খোলা নেই।