অস্ট্রেলিয়ার কাছে বোর্ডার-গাভাস্কার ট্রফি খোয়ানোর পর ভারতীয় ক্রিকেটারদের রঞ্জি ট্রফিতে খেলা বাধ্যতামূলক করেছে বিসিসিআই। কোচ গৌতম গম্ভীরের নির্দেশ মেনে ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টে খেলছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, রিশাভ পান্তের মতো ক্রিকেটাররা। অনেকের মনেই প্রশ্ন, একটি রঞ্জি ম্যাচ খেলে কত টাকা পান ক্রিকেটাররা?
১৩ বছর পর রঞ্জি ট্রফি খেলতে নেমে মাত্র ১৫ বল টিকেছেন কোহলি। ৬ রান করে অখ্যাত পেসার হিমাংশু সাংওয়ানের বলে তিনি আউট হয়ে যান। প্রশ্ন হলো, এই ম্যাচ খেলার জন্য তিনি কত টাকা পাবেন? রঞ্জিতে খেলা ক্রিকেটারদের আয়ের বিভিন্ন ভাগ আছে। যেসব ক্রিকেটার ৪০টির বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তারা প্রতিদিন ৬০ হাজার রুপি পেয়ে থাকেন।
যেসব ক্রিকেটার ২১ থেকে ৩৯টি ম্যাচ খেলেছেন, তারা দিন প্রতি ৫০ হাজার রুপি পান। এছাড়া ২০ বা তার কম প্রথম শ্রেণির ম্যাচ খেলে ক্রিকেটারেরা দিন প্রতি পান ৪০ হাজার রুপি। যেসব ক্রিকেটার একাদশে সুযোগ পান না তারাও অভিজ্ঞতার আলোকে ২০ থেকে ৩০ হাজার রুপি পান। ১২৩টি টেস্ট আর ২৩টি রঞ্জি ম্যাচ খেলা কোহলি দিন প্রতি ৬০ হাজার রুপি করে পাবেন। চার দিন খেলা হলে পাবেন ২ লাখ ৪০ হাজার রুপি।
কোহলির মতোই রোহিত, রাহুল, পান্ত, শুবমানেরা চল্লিশের বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ফলে তারা সবাই দিন প্রতি ৬০ হাজার রুপি করে পাবেন। শুধু যশস্বী এখনও পর্যন্ত ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। যে কারণে তিনি ৫০ হাজার রুপি করে পাবেন প্রতিদিন।