কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে নিহত ৭০০

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীগোষ্ঠী এম২৩ যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে পাঁচ দিনে অন্তত ৭০০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, গত রবিবার থেকে রুয়ান্ডা সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে গোমায় এ পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছে। উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমার দখল নেওয়ার পর দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভুর দিকে অগ্রসর হচ্ছে এম২৩ বিদ্রোহীগোষ্ঠী।

চলতি বছরের শুরুতে কঙ্গো সেনাবাহিনী ও এম২৩ বিদ্রোহীদের লড়াই আরও তীব্র হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ সংঘাতের কারণে চলতি বছরই প্রায় চার লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। এম২৩ বা মার্চ ২৩ কঙ্গোর তুতসিস আদিবাসীদের একটি বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী। এটি একসময় কঙ্গোর সেনাদের সঙ্গে কাজ করত। তবে ১০ বছর আগে এটি কঙ্গো সেনাবাহিনী থেকে আলাদা হয়ে যায়। ২০২২ সাল থেকেই এম২৩ বিদ্রোহীগোষ্ঠী কঙ্গোর পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকা দখল নেওয়া শুরু করে।