প্রোটিয়া মেয়েদের হৃদয় ভেঙে দুইয়ে দুই ভারতের

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের ফাইনাল দিয়ে সিনিয়র পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের বদলা নেওয়ার সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার মেয়েদের। সেটি হলো না। ৯ উইকেটে ফাইনাল ম্যাচ জিতে নিয়ে দুবছর আগে জেতা ট্রফিটি এবারও নিজেদের করে রাখলো ভারত।

ফাইনালের লড়াইয়ে আগে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়েন প্রোটিয়া মেয়েরা। ভারতীয় স্পিনারদের কাছে পরাস্ত হয়ে ৯ ব্যাটার ফেরেন সাজঘরে। ইনিংসের শেষ বলে গিয়ে ৮২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ২৩ রান করেন মিয়েকে ফন ভর্স্ট। তৃষা গোংগাড়ি শিকার ধরেন ১৫ রানে ৩টি।

রান তাড়ায়ও সেরা ছিলেন তৃষা। তার উদ্বোধনী সঙ্গী জি কমলিনি ৮ রানে ফিরলেও তিনি অপরাজিত থাকেন ৩৩ বলে ৪৪ রানে। সানিয়া চালকের অপরাজিত ২২ রানের সুবাদে ১১.২ ওভারেই ৯ উইকেটে জেতে ভারত। 

ফাইনালের ম্যাচসেরার পাশাপাশি আসরসেরার পুরস্কারও জিতেছেন ৩০৯ রান ও ৭ উইকেটশিকারী তৃষা গোংগাড়ি।