সিলেটের ওসমানীনগরে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। গতকাল রবিবার সকাল পৌনে ৮টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা শিংলাবো এলাকা থেকে সিলেটে ঘুরতে যাওয়ার সময় ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা শিংলাবো এলাকার সুলতান উদ্দিন ভূঁইয়ার ছেলে দুবাই প্রবাসী সোহেল ভূঁইয়া (৩৩), সোহেল ভূঁইয়ার শ্যালিকা সায়মা আক্তার ইতি, জেঠাস শামীমা ইয়াসমিন, ও সায়মা আক্তার ইতির শিশুসন্তান আয়ান। এ ছাড়া মুমূর্ষু অবস্থায় সোহেল ভূঁইয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন, ওসমাননীগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া। তিনি জানান, সকাল পৌনে ৮টার দিকে ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। তারা সবাই প্রাইভেট কারের যাত্রী। তারা প্রাইভেট কারযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা শিংলাবো এলাকা থেকে সিলেট ঘুরতে যাচ্ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাককে জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।
নিহত সোহেল ভূঁইয়ার ফুপু আসমা বেগম জানান, গত তিন দিন আগে অল্প সময় নিয়ে দুবাই থেকে ভাতিজা সোহেল ভূঁইয়া নিজ বাড়িতে আসেন। আগামী ৫ ফেব্রুয়ারি আবারও দুবাই চলে যাওয়ার কথা ছিল। ভোররাতে ভ্রমণের উদ্দেশ্যে সোহেল ভূঁইয়া, সোহেলের শ্যালিকা সায়মা আক্তার ইতি, জেঠাস শামীমা ইয়াসমিন, ও সায়মা আক্তার ইতির শিশুসন্তান আয়ানকে নিয়ে সিলেটে রওনা হন। পরে তারা জানতে পারেন, ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী প্রাইভেট কারের সংঘর্ষে ওই চারজন মারা যান। এ ছাড়া ভাতিজা সোহেলের স্ত্রী সাবিনা ইয়াসমিন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
এদিকে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত ও আহত সংবাদ পেয়ে নিহতদের পরিবার আত্মীয়স্বজনের মধ্যে শোকের মাতম বইছে।