এখনো বই তোলেনি শতাধিক প্রকাশনী

অমর একুশে বইমেলার পর্দা উঠলেও এখনো পুরোপুরি প্রস্তুত নয় স্টল-প্যাভিলিয়ন।  কিছু স্টলের নির্মাণকাজ শেষ হলেও আসেনি সব বই। দর্শনার্থীদের আনাগোনাও কম। স্টলে বই তুলতে ও বিক্রি শুরু করতে পারেনি প্রায় শতাধিক প্রকাশনী। তবে খুব দ্রুত মেলা সম্পূর্ণ প্রস্তুত হবে এবং জমে উঠবে বলে প্রত্যাশা আয়োজক সংশ্লিষ্টদের।

গতকাল রবিবার মেলার দ্বিতীয় দিনে সরেজমিনে সোহরাওয়ার্দী উদ্যান অংশ পরিদর্শন করে দেখা যায়, এখনো অনেক স্টল নির্মাণাধীন। কেউ কাঠামো তৈরি করছেন, কেউবা বই সাজাতে ব্যস্ত। আবার কালো পর্দা নিয়ে অনেক স্টল ঢেকে রাখা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান অংশের বিভিন্ন স্থানে ময়লা, কাগজ, প্যাকেট পড়ে থাকতে দেখা গেছে। বইমেলার নিরাপত্তার স্বার্থে মেলার প্রবেশপথে আর্চওয়ের ব্যবস্থা করার কথা থাকলেও মেলার সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন গেট এবং মন্দির গেটে কোনো আর্চওয়ে দেখা যায়নি। এজন্য চেকিং ছাড়াই অবাধে বইমেলায় ঢুকতে দেখা যায় দর্শনার্থীদের।

মেলা ঘুরে দেখা যায় একদমই প্রস্তুত হয়নি এমন প্রকাশনীর মধ্যে রয়েছে- গ্রাফোসম্যান পাবলিকেশন, নুর কাশেম পাবলিশার্স, আইসিএস পাবলিকেশন, রশিদীয়া লাইব্রেরি, জ্ঞানসঙ্গী প্রকাশন, পাপড়ি। এছাড়া পুরোপুরি প্রস্তুত হয়নি উড়কি, জিনিয়াস পাবলিকেশন্স, বিজয় প্রকাশ, জনান্তিক, পালক, গণপ্রকাশনী, রাবেয়া বুকস, মেঘদূত প্রকাশন, কিংবদন্তী প্রকাশনীর স্টল।

আইসিএস প্রকাশনীর দায়িত্বে নিয়োজিত আরিফ হোসেন বলেন, কিছু কাজ বাকি আছে সেগুলো করছি। আজকের মধ্যে শেষ করতে পারব বলে আশা করছি। কাল থেকে আমরা বই বিক্রি শুরু করতে পারব। আগামী প্রকাশনীর বই বিক্রেতা সজীব দেশ রূপান্তরকে বলেন, আজ প্রথম দিন হওয়ায় তেমন ক্রেতা নেই। যারা আসছেন তারাও ঘুরে ঘুরে যাচ্ছেন। হাতেগোনা বই বিক্রি হচ্ছে।

অনন্য প্রকাশনীর বই বিক্রেতা আসাদুজ্জামান বলেন, আজ টুকটাক দুই একটা বিক্রি হয়েছে। আশা করি কয়েকদিনের মধ্যে মেলা জমবে। এখনো প্যাভিলিয়নে বই না থাকার বিষয়ে নুর কাশেম পাবলিশার্সের দায়িত্বে নিয়োজিত আলমগীর জানান, মেলা শুরু হলেও আমরা এখনো বই তোলার মতো প্রস্তুত নই। আগামী দুই একদিনের মধ্যে সবকিছু রেডি হয়ে যাবে বলে আশা করছি।

মেলায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, মেলা এখনো অগোছালো। ওয়াশরুম নেই, স্টলে বই নেই, অনেক স্টল এখনো খুলেওনি। তেমন নিরাপত্তাও দেখা যায়নি। বিভিন্ন স্থানে ময়লা জমে আছে। হয়তো কয়েকদিনের মধ্যে সব ঠিক হবে।

এ বিষয়ে বইমেলা ২০২৫ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন দেশ রূপান্তরকে বলেন, ‘প্রত্যেকবারই মেলা শুরুর দিকে এমন পরিস্থিতি থাকে। তবে এবার অন্য সময়ের চেয়ে গোছালো মেলা পরিচালনা করার চেষ্টা করছি আমরা। কয়েকটি প্রকাশনীর স্টল এখনো প্রস্তুত হয়নি সেটাও দ্রুত হয়ে যাবে। এছাড়া ধুলোবালিসহ যেসব বিষয় দেখা যাচ্ছে আশা করি কালই (সোমবার) ঠিক হয়ে যাবে। নিরাপত্তাসহ সব বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি।

গতকাল রবিবার ছিল অমর একুশে বইমেলা ২০২৫-এর ২য় দিন। মেলা শুরু হয় বিকেল ৩টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। মেলায় গতকাল নতুন বই এসেছে ১৩টি। বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘হেলাল হাফিজের রাজনৈতিক পাঠ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন ড. কুদরত-ই-হুদা। আলোচনায় অংশগ্রহণ করেন মৃদুল মাহবুব। সভাপতিত্ব করেন সুমন রহমান। লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- কবি রাসেল রায়হান, কথাসাহিত্যিক হুমায়ূন শফিক এবং শিশুসাহিত্যিক আশিক মুস্তাফা।

আজকের আলোচনা অনুষ্ঠান

আজ ৩ ফেব্রুয়ারি সোমবার অমর একুশে বইমেলা ২০২৫-এর ৩য় দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘হায়দার আকবর খান রনো’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন সোহরাব হাসান। আলোচনায় অংশগ্রহণ করবেন আবদুল্লাহ আল ক্বাফী রতন এবং জলি তালুকদার। সভাপতিত্ব করবেন দীপা দত্ত।