দেশে ডিজিটালাইজেশনের ছাপ পড়ছে সব ক্ষেত্রে। অমর একুশে বইমেলাও তার ব্যতিক্রম নয়। পাঠকরা যেমন এখন শুধুমাত্র কাগুজে বইয়ে সীমাবদ্ধ নেই, তেমনি প্রকাশনা জগতেও আসছে নতুনত্ব। গত কয়েক বছর ধরে মেলায় কাগুজে বইয়ের স্টলের পাশাপাশি রয়েছে অডিও বুকের স্টলও। সেগুলো নিয়ে মানুষের আগ্রহও চোখে পড়ার মতো। নির্ধারিত ফি এর বিনিময় বিক্রি হচ্ছে এসব বই। ডিজিটাল এই মাধ্যম বইমেলার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। বহনের ঝক্কি না থাকায় ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে বইমেলার নতুন এই সংস্করণ। সংশ্লিষ্টরা বলছেন, কাগজের বইয়ের পাশাপাশি অডিও বুকও সাড়া ফেলছে বইপ্রেমীদের মধ্যে।
বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে দেখা গেছে বেশ কয়েকটি অডিও বুক এবং ই-বুকের স্টল। এর মধ্যে রয়েছে কাব্যিক, কাহিনিক, শুনবই, বইঘর, বইচিত্র নামে পাঁচটি অডিও বুকস্টল। মোবাইল অ্যাপ ডাউনলোড করে সহজেই শোনা যায় বিভিন্ন বইয়ের পাঠ। দেড়শ থেকে আড়াই হাজার পর্যন্ত বইয়ের সংগ্রহ আছে এসব অ্যাপে। স্মার্টফোন আর ইন্টারনেটের দুনিয়ায় পরিবর্তিত উপায়ে মানুষের কাছে ভিন্নভাবে বই পৌঁছে দিচ্ছে এসব ডিজিটাল প্রকাশনা প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানগুলো বলছে, যাদের পড়তে সমস্যা হয় তাদের জন্য এটা ভালো প্ল্যাটফর্ম। সেখানে অডিও এর মাধ্যমে বইটা শুনতে পাচ্ছে। হাতের মুঠোতে থাকায় যেখানে সেখানেই এটি শোনার সুযোগ পাওয়া যায়। এটি একটি বড় অ্যাডভান্টেজ হওয়ায় অনেকেই এর প্রতি আগ্রহী হচ্ছে।
অডিও বুক প্ল্যাটফর্ম ‘কাব্যিক অডিও বুক’ এ এখন পর্যন্ত এক হাজারের বেশি বই যুক্ত হয়েছে। হরর, থ্রিলার, রোমান্স, অ্যাডভেঞ্চার, মোটিভেশন, ক্ল্যাসিক, রিলিজিয়াস, বায়োগ্রাফি, গল্প, কবিতা, বিশেষ, শিশুতোষ কনটেন্টসহ রয়েছে কাব্যিকের নিজস্ব অনেক কনটেন্ট। কাব্যিক অডিও বুক অ্যাপস ম্যানেজার লরেন্স উজ্জল বলেন, বই শুনতে হলে প্লে-স্টোর থেকে কাহিনীক অ্যাপসটা ডাউনলোড করতে হবে। পরে সেই অ্যাপস রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নামমাত্র মূল্যে সাবস্ক্রিপশন করে উপভোগ করা যাবে অডিও বুক। কাহিনীকের পরিচালক ইমরাদ জুলকারনাইন বলেন, লেখক এবং প্রকাশক যিনি মূল বইটা প্রকাশ করছেন, আমরা হচ্ছি দ্বিতীয় ধাপের প্রকাশক অডিও প্রকাশক। সবাইকে সমন্বিত করে আমরা নতুন একটি ধারা তৈরি করেছি। বইমেলাকে নতুন ডাইমেনশন দিয়েছে এটি।
বাংলা একাডেমি প্রাঙ্গণের তথ্যকেন্দ্রের সামনে গিয়ে দেখা মেলে ‘শুনবই’ স্টলের, বই নেই কিন্তু স্টল আছে তবুও দেখা যায় দর্শনার্থীরা আসছেন। আর প্রতিনিধি ও মার্কেটিংয়ের দায়িত্ব থাকা লোকেরা শুনবই সম্পর্কে আকৃষ্ট করার চেষ্টা করছেন। অনেকেই সাবস্ক্রিপশন করছেন, আগ্রহী হচ্ছেন।
দায়িত্বরা বলেন, শুনবই অ্যাপস ডাউনলোড করলেই সেখানে এক হাজার বই রয়েছে, ১০ টাকায় যে কেউ সাবস্ক্রিপশন কিনে এক মাসের জন্য শুনতে পারবে। যা অন্য সময়ে ১০০ টাকা। ১১৯ টাকায় ১ মাসের জন্য সাবস্ক্রিপশন নিয়ে বই শুনতে পারবে বইঘর অ্যাপসেও। বইঘরে ২৫০০ ইবুক, ২৫০ অডিও বুক রয়েছে। ই বুক সেখানে কেনার অপশন রয়েছে বলে জানান বইঘরের প্রতিনিধি জান্নাত। তিনি বলেন, আমাদের এই অ্যাপসে ৫০ প্লাস বই ফ্রিতে শোনা যাবে। এ ছাড়া এই অ্যাপসে যে বই এখনো ছাপানো হয়নি, সেটাও পাওয়া যায়।
নতুন এই সংযোজন পাঠকের কাছে ভালোই সাড়া ফেলছে। অনেকে নতুন এই অভিজ্ঞতা নিয়ে বেশ উচ্ছ্বসিত। শুনবই থেকে অ্যাপস ডাউনলোড করে রেজিস্ট্রেশন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমদাদুল আজাদ। তিনি অনুভূতি প্রকাশ করে বলেন, বিষয়টি সম্পর্কে মেলায় এসে শুনলাম, দেখলাম কেমন লাগে প্রাথমিকভাবে ট্রায়াল দিয়ে দেখলাম বিষয়টি ভালো। তাই রেজিস্ট্রেশন এবং সাবস্ক্রিপশন করে নিয়েছি। লম্বা জার্নিতে আপনার প্রিয় বইটা শুনতে শুনতে যাচ্ছেন। এটি একটি অভূতপূর্ব অভিজ্ঞতা বলে আমার মনে হয়।
মেলায় আসা ইডেন কলেজের শিক্ষার্থী রাবেয়া আক্তার বলেন, অডিও বুক আমার কাছে ভালো মনে হয়। এমনি পড়ার চেয়ে শুনলে মনে হয় বেশি বোঝা যায় এবং মনে থাকে। এটা সামনে যদি আরও ব্যাপক প্রসারে হয় তাহলে হয়তো আরও ভালো হবে।