ইন্দোনেশিয়ার উদ্যোগে জাপানে মসজিদ নির্মাণ

ইন্দোনেশিয়ার সেবামূলক সংগঠন ‘সিনতা কোরআন ফাইন্ডেশন’। সম্প্রতি এই সংগঠনটি জাপানের ইয়োকোহামা শহরে আস-সলিহিন নামে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়। গত মাসের ১০ জানুয়ারি মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। এখন তা প্রায় সম্পন্ন হয়ে গেছে। সিনতা কোরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফাতিহ কারিম এ কাজের উদ্বোধন করেন। ফাতিহ কারিম এ প্রসঙ্গে বলেন, ‘জাপানে এই মসজিদ নির্মাণ কেবল উপাসনাস্থল হিসেবে নয়, বরং সামাজিক কার্যক্রমের কেন্দ্র হিসেবেও কাজ করবে। এটি মুসলিম সম্প্রদায়ের মধ্যকার সম্পর্ককে সুদৃঢ় করবে।’

এই মসজিদে একসঙ্গে ছয়শর বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদটি আধুনিক নকশায় তৈরি হবে। এর আর্থিক ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই মিলিয়ন ডলার। ইন্দোনেশিয়ার মুসলমানদের অনুদানের মাধ্যমেই এই বিশাল প্রকল্পের অর্থায়ন করা হচ্ছে। মসজিদটি শুধু নামাজের স্থান নয়; বরং এর মধ্যে থাকবে নতুন মুসলমানদের জন্য আলাদা স্থান, একটি ইসলামি আর্থিক কেন্দ্র (বায়তুল মাল) এবং ইসলামি শিক্ষার ব্যবস্থা। ফাতিহ কারিম বলেন, মসজিদ নির্মাণের আগেই এই স্থানটি ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আল্লাহর রহমতে অনেক জাপানি নাগরিক এখানে ইসলাম গ্রহণ করেছেন। আশা করছি, মসজিদ নির্মাণের পর আরও অনেকে ইসলাম গ্রহণের জন্য এখানে আসবেন।’ জাপানে বসবাসরত ইন্দোনেশিয়ানদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে এ সংখ্যা ১ লাখ ৭৩ হাজারে পৌঁছেছে বলে জানিয়েছেন টোকিওতে ইন্দোনেশিয়ান দূতাবাসের তথ্য ও সাংস্কৃতিক শাখার সমন্বয়ক মুহাম্মদ আল আউলা।

সূত্র : সি টুডে