চ্যাম্পিয়ন্স ট্রফির আগমুহূর্তে অস্ট্রেলিয়া দল যেন মিনি হাসপাতাল হয়ে উঠেছে। চোটের কারণে আগেই ছিটকে গেছেন মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের খেলার সম্ভাবনাও প্রায় নেই হয়ে গেল। পেস তারকা জশ হেজেলউডকে নিয়েও আছে বড় শঙ্কা। সব মিলিয়ে বেশ টালমাটাল অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে আজ বুধবার দেশ ছাড়বে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল। সেই দলে নেই কামিন্স। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, চোটে পড়া অস্ট্রেলিয়ান অধিনায়ক এখনও কোনো ধরনের বোলিং শুরু করতে পারেননি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তার বদলে স্টিভেন স্মিথ কিংবা ট্রাভিস হেডের মধ্যে একজন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্ব দেবেন।
এসইএন রেডিওকে কোচ ম্যাকডোনাল্ড বলেছেন, ‘প্যাট কামিন্স কোনো ধরনের বোলিং এখনও শুরু করতে পারেনি। তার খেলার সম্ভাবনা তাই খুবই কম। তাই আমাদের একজন অধিনায়ক প্রয়োজন। চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনা নিয়ে প্যাট কামিন্সের সঙ্গে আমাদের আলোচনায় বিকল্প হিসেবে স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডের নাম উঠে এসেছে। নেতৃত্বের জন্য এই দুজনের ওপরেই আমরা ভরসা রাখব।’
কামিন্সের জন্য হতাশা প্রকাশ করে হেইজেলউডকে নিয়েও দুর্ভাবনার কথা জানান ম্যাকডোনাল্ড, ‘প্যাটির (কামিন্স) খেলার সম্ভাবনা নেই বললেই চলে এবং তা খুবই হতাশাজনক। জশ হ্যাজেলউডের ব্যাপারটিও আছে। সে ফিট হওয়ার লড়াই করছে। আগামী দিন দুয়েকের মধ্যে মেডিকেল রিপোর্টগুলো আসবে, আমরা আরও ভালোভাবে বুঝতে পারব একং সবাইকে জানতে পারব যে, কোন পথে এগোচ্ছি।’