রেসিপি দিয়েছেন মারজানা তাবাসসুম অন্যা
বুটের ডালের হালুয়া
উপকরণ
ছোলার ডাল আধা কেজি, তরল দুধ ১ লিটার, চিনি দেড় কাপ, গুঁড়া দুধ পৌনে এক কাপ, ঘি আধা কাপ, এলাচ ৩টি, দারুচিনি ২ পিস।
যেভাবে তৈরি করবেন : বুটের ডাল দুধ দিয়ে সেদ্ধ করে বেটে নিন। চুলায় পাত্রের মধ্যে ঘি দিয়ে দিন। ঘি গরম হলে এলাচ ও দারুচিনির ফোড়ন দিয়ে একটু নেড়ে এর মধ্যে বেটে রাখা ডাল দিয়ে ভালো করে নাড়তে থাকুন। একটু পর চিনি দিয়ে দিন। একটু শুকনা হয়ে এলে এর মধ্যে অল্প অল্প করে গুঁড়া দুধ দিয়া নাড়তে থাকুন। ঘন হয়ে এলে পিঠার ছাঁচে ঢেলে ইচ্ছামতো ডিজাইন করে কেটে নিন।
মুগ মোহিনী
উপকরণ
কাঁচা মুগ ডাল আধা কেজি, তরল দুধ ১ লিটার, চিনি দেড় কাপ, গুঁড়া দুধ আধা কাপ, ঘি আধা কাপ, এলাচ ৩টি, দারুচিনি ২ পিস, কোরানো নারিকেল পৌনে এক কাপ, কনডেন্সড মিল্ক আধা কাপ, সুজি সিকি কাপ, সবুজ রঙ ১ চিমটি, ঘি ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন : মুগ ডাল তরল দুধ দিয়ে সেদ্ধ করে বেটে নিন। চুলায় পাত্র দিয়ে এর মধ্যে ঘি দিয়া দিন। ঘি গরম হলে এর মধ্যে এলাচ ও দারুচিনি দিয়ে ফোঁড়ন দিয়ে একটু নেড়ে এর মধ্যে বেটে রাখা ডাল দিয়ে ভালো করে নাড়তে থাকুন। এর মধ্যে চিনি দিয়ে দিন। একটু শুকনো হয়ে এলে অল্প অল্প করে গুঁড়া দুধ দিয়া নাড়ুন। ঘন হয়ে এলে নামিয়ে নিন। অন্য পাত্রে নারিকেল, কনডেন্সড মিল্ক, সুজি, সবুজ রঙ, ঘি দিয়ে ভালো করে নেড়ে জ¦াল দিন। এটা মাঝের ফিলার হবে। এবার ডালের মিশ্রণ দিয়ে মাঝে নারিকেলের মিশ্রণ দিয়ে রোলের মতো বানিয়ে নিন। ঠা-া হলে কেটে নিন।
পেঁপের সন্দেশ
উপকরণ
কাঁচা পেঁপে ১ কেজি, চিনি ১ কাপ, ঘি সিকি কাপ ও শেষে এক চা চামুচ, দারুচিনি দুই টুকরা, ছোট এলাচ ৪টি, কিশমিশ ২ টেবিল চামচ, বাদাম কুচি ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
পেঁপে কেটে পানি দিয়ে হাল্কা সেদ্ধ করে পানি শুকিয়ে নিন। কাপড় নিয়ে চেপে পেঁপে থেকে পানি ঝরিয়ে বেটে নিন। চুলায় পাত্র দিয়ে এর মধ্যে ঘি দিয়ে গরম হলে এলাচ ও দারুচিনি ফোড়ন দিন। সেদ্ধ করা পেঁপে দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ নেড়ে একটু পর এর মধ্যে চিনি দিয়ে দিন। কাঠবাদাম কুচি দিন। একটু শুকনা হয়ে এলে এক চা চামচ ঘি দিয়ে নামিয়ে ওপরে বাদাম কুচি ও তবক লাগিয়ে পরিবেশন করুন।
ছিট রুটি
উপকরণ
আতপ চালের গুঁড়া ২ কাপ, পানি ১ কাপ, লবণ ১ চা চামচ, পেঁয়াজের রস ১ টেবিল চামচ, আদার রস আধা টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন : পাত্রে চালের গুঁড়া নিয়ে এর মধ্যে লবণ, পেঁয়াজের রস, আদার রস ও পরিমাণ মতো পানি নিয়ে একটা পাতলা মসৃণ ব্যাটার বানিয়ে নিন ও এই মিশ্রণটাকে তিরিশ মিনিট ঢেকে রাখুন। একটা কড়াই অথবা ননস্টিক প্যান ভালো করে গরম করে এবার একটা কাপড়ে সামান্য তেল মেখে প্যানে তেল মেখে নিন। ব্যাটারে হাত ভিজিয়ে ছিটিয়ে ছিটিয়ে গোল করে রুটির মতো বানিয়ে নিন। কিছুক্ষণ পর হয়ে এলে এটাকে উল্টিয়ে দিন ও চার ভাঁজ করে পরিবেশন করুন।
কাঠবাদামের বরফি
উপকরণ
কাঠবাদাম দেড় কাপ, তরল দুধ দেড় কাপ, চিনি ১ কাপ, গুঁড়া দুধ আধা কাপ, ঘি আধা কাপ, এলাচ গুঁড়া আধা চা চামচ, ঘি এক টেবিল চামচ, কাঠবাদাম কুচি ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন : কাঠবাদামকে ফুটানো গরম পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিন। এবার কাঠবাদামগুলো তরল দুধ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। চুলায় পাত্রের মধ্যে ঘি দিয়ে গরম হলে এর মধ্যে ব্লেন্ড করে রাখা কাঠবাদাম দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। একটু পর এর মধ্যে চিনি দিয়ে দিন এবং নাড়তে থাকুন। এবার একটু শুকনা হলে এলাচ গুঁড়া দিয়ে নাড়–ন। ঘন হয়ে এলে কাঠবাদাম কুচি ও এক টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিন। ঠা-া হলে ইচ্ছামতো কেটে পরিবেশন করুন।
নারিকেলের বরফি
উপকরণ
নারিকেল বাটা ২ কাপ, চিনি ১ কাপ, গুঁড়া দুধ সিকি কাপ, ঘি আধা কাপ, এলাচ ৩টি, দারুচিনি ১ পিস।
যেভাবে তৈরি করবেন
চুলায় পাত্রের মধ্যে ঘি দিয়ে দিন। ঘি গরম হলে এলাচ ও দারুচিনি দিয়ে একটু নেড়ে এর মধ্যে মিহি করে বেটে রাখা নারিকেল দিয়ে ভালো করে নাড়তে থাকুন। এরপর চিনি দিয়ে দিন। চিনি গলে গেলে নাড়তে থাকুন ও পানি শুকিয়ে এলে এর মধ্যে অল্প অল্প করে গুঁড়া দুধ দিয়া অনবরত নাড়ুন। পানি একদম শুকিয়ে এলে কিছুটা ঠান্ডা হলে ইচ্ছামতো ডিজাইন করে বরফি বানিয়ে নিন।
খেজুরের রোল
উপকরণ
বিচি ছাড়া খেজুর দেড় কাপ, ঘি ১ টেবিল চামচা, পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ, কাজুবাদাম কুচি সিকি কাপ, কাঠবাদাম কুচি আধা কাপ, তিল ১ টেবিল চামচ, পোস্তদানা ১ টেবিল চামচ, এলাচ গুঁড়া আধা চা চামচ।
যেভাবে তৈরি করবেন : খেজুর ধুয়ে বিচি ফেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। চুলায় পাত্রের মধ্যে তিল দিয়ে ভালো করে ভাজুন। পাত্রে ঘি দিয়ে সব বাদাম কুচি দিয়ে হাল্কা ভেজে নিন। এবার ওই পাত্রে ব্লেন্ড করে রাখা খেজুর দিয়ে ভালো করে নাড়তে থাকুন। এর মধ্যে ভেজে রাখা বাদাম ও তিল ওই মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটা শক্ত হলে ও পাত্রের গাঁ থেকে উঠে এলে নামিয়ে ঠান্ডা করতে দিন। সামান্য ঠান্ডা হলে রোলের মতো করে তিল ও পোস্তদানাতে গড়িয়ে ফয়েল পেপারে মুড়িয়ে ফ্রিজে তিন থেকে চার ঘণ্টা রেখে দিন। শক্ত হলে ফ্রিজ থেকে বের করে কেটে পরিবেশন করুন।
নকশি রুটি
উপকরণ
ময়দা ২৫০ গ্রাম, চিনি ২৫ গ্রাম, লবণ ৬ গ্রাম, গুঁড়া দুধ ২৫ গ্রাম, ইস্ট ১৪ গ্রাম, ডিম ১টি, কুসুম গরম পানি ৭৫ গ্রাম, বাটার ৭৫ গ্রাম, মোরব্বা ও বাদাম সিকি কাপ।
যেভাবে তৈরি করবেন : কুসুম গরম পানিতে ইস্ট ও সামান্য চিনি দিয়ে গরম জায়গায় রাখুন দশ মিনিট। শুকনা উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিন। এবার এর মধ্যে ডিম দিয়ে ভালো করে মেখে নিন। এই মিশ্রণের সঙ্গে ইস্ট দিয়ে ভালো করে মেখে নিন। এবার এর মধ্যে বাটার দিয়ে আলতো হাতে ডো মেখে নিন। ভালো করে মিশে গেলে ঢেকে গরম জায়গায় তিরিশ মিনিট রাখুন। তিরিশ মিনিট পর ডো ফুলে উঠলে এই ডো দিয়ে ইচ্ছামতো ডিজাইনের রুটি বানিয়ে ওপরে মোরব্বা ও বাদাম দিয়ে ওপরে ডিম ব্রাশ করে ১৫ মিনিট রাখুন। এবার প্রি-হিটেট ওভেনে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পনেরো মিনিট বেক করে পরিবেশন করুন।