২০০৮ সালে স্বাধীনতা ঘোষণার পর কসোভোতে পঞ্চম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়ার পথে রয়েছে প্রধানমন্ত্রী আলবিন কুর্তির ক্ষমতাসীন দল ভেটেভেন্ডোজে (সেলফ-ডিটারমিনেশন) পার্টি।
রবিবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ২৬টি রাজনৈতিক দল থেকে ১২০ জন আইনপ্রণেতা এবং একজন স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচিত করতে কসোভোবাসী ভোট দেন। এছাড়া সার্বদের জন্য ১০টি ও সংখ্যালঘুদের জন্য আরও ১০টি আসন সংরক্ষিত রয়েছে।
কসোভোর শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম কোহা প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কুর্তির ভেটেভেন্ডোজে (সেলফ-ডিটারমিনেশন) পার্টি (ভিভি) আনুমানিক ৪২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে।
ডানপন্থী ডেমোক্রেটিক পার্টি অব কসোভো (পিডিকে) ২১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় এবং ডেমোক্রেটিক লিগ অব কসোভো (এলডিকে) ২০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে।
কসোভোর নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গণনায় সহায়তা করার জন্য তৈরি করা সফটওয়্যারটি ত্রুটিপূর্ণ ছিল, যার ফলে কর্মকর্তারা ব্যালট গণনা করতে বাধ্য হন। আগামী কয়েক ঘণ্টার মধ্যে কোনো প্রাথমিক তথ্য প্রকাশ করা হবে না।
ভোটের আগে কুর্তি ইঙ্গিত দিয়েছিলেন, তার দল যদি এককভাবে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে না পারে তবে তিনি বিরোধী দলে যোগ দিতে পছন্দ করবেন।
ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর কুর্তি সাংবাদিকদের বলেন, ভিভি সরকার গঠনের পরিকল্পনা করছে।
কুর্তি বলেন, ‘কোনও দ্বিধা ছাড়াই আমরা সরকার গঠন করব।’ সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের জয়ের জন্য অভিনন্দন।’