কসোভোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীর দিকে ডিম নিক্ষেপ

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৪:১৪ পিএম

কসোভোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মেরেছেন বিরোধীদলীয় এক আইনপ্রণেতা। শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারার পর কসোভোর পার্লামেন্টের অধিবেশন স্থগিত করা হয়। জার্মান বার্তা সংস্থা ডয়চে ভেলে এ তথ্য নিশ্চিত করে। 

দুই বছরের কিছু বেশি সময়ে কসোভোতে তিনবার নির্বাচন হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে হিমশিম খাচ্ছে প্রধানমন্ত্রী আলবিন কুর্তির নেতৃত্বাধীন ভেতেভেনদোসিয়ে পার্টি। 

রক্ষণশীল বিরোধী দল অ্যালায়েন্স ফর দ্য ফিউচার অব কসোভোর (এএকে) আইনপ্রণেতা টাইম কাদ্রিজাজ ডিম ছোড়ার আগে পার্লামেন্টে চিৎকার করে বলেন, 'তোমার লজ্জা হওয়া উচিত!' জবাবে কুর্তি বলেন, সংলাপ চালিয়ে যাওয়ার জন্য এ মূল্য দিতে হলে তিনি তা দিতে প্রস্তুত। 

কুর্তির বামপন্থি ভেতেভেনদোসিয়ে পার্টির বিরুদ্ধেও অতীতে পার্লামেন্টে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে। ২০১৮ সালে দলটির সদস্যরা অধিবেশনকক্ষে কাঁদানে গ্যাস ছোড়েন। ২০১৫ সালেও একাধিকবার একই ধরনের ঘটনা ঘটেছিল।

নতুন প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদের প্রয়োজনীয় সমর্থন আদায়ে কুর্তি কয়েক দিন ধরে আলোচনা চালিয়ে আসছেন। তবে কোনো প্রার্থীর বিষয়ে এখনো দুই পক্ষ একমত হতে পারেনি। ফলে আলোচনাও ফের অচলাবস্থায় পড়েছে।

২০২৫ সালের ফেব্রুয়ারির নির্বাচনে কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর ডিসেম্বরে আবার নির্বাচন হয়। ওই নির্বাচনে জাতিগত সংখ্যালঘুদের আইনপ্রণেতাদের সমর্থনে কুর্তি সংসদে সংখ্যাগরিষ্ঠতা পান। জুনের আগাম নির্বাচনে তাঁর দলের ভোট ৫১ শতাংশ থেকে কমে ৪৩ শতাংশে নেমে এলেও সংখ্যালঘু মিত্রদের নিয়ে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখে ভেতেভেনদোসিয়ে। তবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রয়োজন দুই-তৃতীয়াংশ ভোট।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত