চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোনো ওয়ানডে সিরিজ খেলছে না বাংলাদেশ। বরং টি-টোয়েন্টি ফরম্যাটের বিপিএল খেলে নাজমুল হোসেন শান্তর দল যাচ্ছে আট দলের আসর খেলতে। এক দিন আগে বলে গেছেন প্রধান কোচ ফিল সিমন্স বলেছিলেন, বিপিএল দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা প্রস্তুতি হয়নি। এবার সেই বিষয়ে মন্তব্য করলেন অধিনায়ক শান্ত।
আজ বুধবার মিরপুর শেরেবাংলায় সিমন্সের বক্তব্যের বিষয়ে শান্ত বলেন, ‘আমার কাছে মনে হয় না কোচ এরকম কোন কিছু বুঝিয়েছে। সংস্করণের দিক থেকে একটু তো ভিন্নতা থাকেই। কিন্তু আমার মনে হয়, যেভাবে ব্যাটসম্যানরা খেলেছে, এই টুর্নামেন্টে উইকেটটা ভালো ছিল, আমরা যে কন্ডিশনে খেলব, আশা করছি, এর চেয়ে ভালো উইকেট থাকবে। ব্যাটসম্যানরা ভালো প্রস্তুতি নিয়েছে। কীভাবে ৫০–৬০–৭০ থেকে ১০০–১৩০ করতে পারে, এটা গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের গ্রুপে থাকা তিন প্রতিপক্ষ ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ খেলতে ব্যস্ত আছে। শুধু বাংলাদেশ খেলেছে কেবল বিপিএল। যেহেতু সাদা বলের খেলা, তাই প্রস্তুতির কমতি দেখছেন না শান্ত। তাছাড়া বিপিএলে যেমন উইকেটে খেলা হয়েছে, এ নিয়েও আশাবাদী তিনি, ‘বোলাররাও এই উইকেটে ভালো বল করেছে। আমাদের হাতে এখনো ছয়–সাত দিন আছে, এর মধ্যে আরও গুছিয়ে নিতে পারব।’