চট্টগ্রামের চন্দনাইশে বৃহস্পতিবার রাতে ফিল্মি স্টাইলে এক মুদির দোকানের ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ীকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
ছিনতায়ের শিকার ব্যবসায়ীর নাম তানজিলুল রহমান মিনহাজ (২৫)। তিনি চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাই খলিফা পাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। উপজেলার গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মার্কেটে তার 'নজরুল স্টোর' নামে একটি মুদির দোকান রয়েছে।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর ছোটভাই আবিদুর রহমান মিরাজ বলেন, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে দোকানের কাজ শেষ করে বাড়িতে ফিরছিলাম আমি আর আমার মিনহাজ। উপজেলার হাশিমপুর ভাই খলিফা পাড়া রাস্তার মাথায় পৌঁছলে সিএনজি থেকে নেমে মুখোশ পরা ৫/৬ জনের একদল দুর্বৃত্ত আমাদের পথরোধ করে। এ সময় তারা আমার বড়ভাইকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, এ বিষয়ে কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।