কালিয়াকৈরে প্রাইভেটকারে আগুন, প্রাণে বাঁচলেন চালক

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে গাড়িটির পেছনের অংশ পুড়ে গেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন চালক শফিকুল ইসলাম।

রবিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার মাকিষবাতান এলাকায় কালিয়াকৈর হাইটেক সিটির ২ নম্বর ফটকের সামনে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী, গাড়ির চালক, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে ওয়ালটন কারখানার এক কর্মকর্তাকে কর্মস্থলে নামিয়ে দিয়ে সাদা রঙের প্রাইভেটকারটি নিয়ে মাকিষবাতান এলাকায় আসেন চালক শফিকুল ইসলাম। পরে তিনি কালিয়াকৈর হাইটেক সিটির ২ নম্বর ফটকের সামনে গাড়িটি (ঢাকা মেট্রো-গ-২২৩৯৩৫) পার্কিং করেন। এরপর সড়কের বিপরীত পাশে একটি দোকানে চা-বিস্কুট খেতে যান।

চা-বিস্কুট খাওয়া শেষে সকাল ৭টার দিকে গাড়িটি চালু করার চেষ্টা করেন শফিকুল। তবে প্রথমবার গাড়িটি চালু হয়নি। দ্বিতীয়বার চেষ্টা করতেই বিকট শব্দ হয়। এ সময় গাড়ির পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে দ্রুত গাড়ি থেকে নেমে যান চালক। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে গাড়িটির পেছনের অংশ পুড়ে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে গাড়িটির পেছনের অংশ পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্যাসের পাইপলাইনে লিকেজ অথবা গাড়ির বৈদ্যুতিক ওয়্যারিংয়ের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত