পিঠা বানানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১ জন

সাভারের আশুলিয়ায় শবেবরাত উপলক্ষে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী, শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকায় আমজাদ ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত দগ্ধদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল শনিবার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, আশুলিয়া থেকে নারী, শিশুসহ ১১ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে সুমনের ৯৯ শতাংশ, শিউলি আক্তারের ৯৫, শারমিন ৪২, সোয়ায়েদ ২৭, মনির হোসেন ২০, মাহাদী ১০, ছামিন মাহমুদের ১৪, সোহেল ১০, সুরাহা ৯, সূর্য বানু ৭ ও জহুরা বেগমের শরীরের ৫ শতাংশ দগ্ধ রয়েছে। তাদের মধ্যে দগ্ধের পরিমাণ বেশি থাকায় আটজনের অবস্থা আশঙ্কাজনক। ৯ জনকে ভর্তি দেওয়া হয়েছে। এ ছাড়া দগ্ধের পরিমাণ কম হওয়ায় দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে।

প্রতিবেশী মো. আবু ইসহাক জানান, দগ্ধরা সবাই একই পরিবারের। সুমন তার পরিবার নিয়ে আশুলিয়ায় গোলাইল এলাকায় আমজাদ ব্যাপারীর ভাড়া বাড়িতে দোতলায় থাকতেন। শবেবরাত উপলক্ষে তার ভাই সোহেল ও তার পরিবারের অন্য সদস্যরা বেড়াতে আসেন। সুমন বাড়িতে আসা অতিথিদের পিঠা দিয়ে আপ্যায়ন করার জন্য আয়োজন করেন। এ সময় পিঠা বানাতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে সুমনের পরিবার ও অতিথিরা সবাই দগ্ধ হন। প্রতিবেশী আবু ইসহাকের ধারণা, গ্যাস সিলিন্ডার ব্যবহার করা চুলাটি আগে থেকেই চালু করা ছিল। যেখান থেকে গ্যাস বের হয়ে পাশাপাশি দুই রুমে ছড়িয়ে পড়ে। পরিবারটির কেউ একজন রান্না করতে গিয়ে আগুন ধরাতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।