বিদেশি সাংবাদিকদের আগ্রহের তুঙ্গে নাহিদ রানা

একসময়ের স্পিন নির্ভর বাংলাদেশে এখন পেসারদের ছড়াছড়ি। সাম্প্রতিক সময়ে এই গতিতারকাদের মাঝে সবচেয়ে আলোচিত নাম নাহিদ রানা। দীর্ঘদেহী এই তরুণ পেসার দেড়শ কিলোমিটার গতিতে বল করতে পারেন। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের আগে নাহিদকে ঘিরেই আগ্রহ দেখালেন বিদেশি সাংবাদিকরা।

আজ বুধবার দুবাইয়ে সংবাদ সম্মেলন করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই সংবাদ সম্মেলনেও ঘুরেফিরে এসেছে নাহিদ রানার প্রসঙ্গ। এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘রানা যেরকম বোলিং করছে ওর ওপর একটু বাড়তি নজর থাকবেই। কিন্তু ওকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে, ও নরমাল আছে। ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে, কালকে যদি ওর খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই সেরাটা দেবে আমি বিশ্বাস করি।’

এই আসরের আগে বাংলাদেশের ব্যাটিংটা বড্ড নড়বড়ে। ফর্মে নেই অধিনায়ক শান্ত থেকে শুরু করে অভিজ্ঞ মুশফিকুর রহিমও। ব্যাটারদের দুর্দিনে বাংলাদেশের বড় শক্তি পেস আক্রমণ, যাতে বড় ভূমিকা রাখতে হবে নাহিদ রানাকে। সর্বশেষ বিপিএলে টানা ম্যাচ খেলার কারণে একপর্যায়ে প্রত্যাশিত গতি তুলতে পারছিলেন না। সেই সমস্যা কেটে গেছে বলেই জানালেন শান্ত।

নাহিদের ওয়ার্কলোড ম্যানেজম্যান্ট নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘রানা অবশ্যই অনেকগুলো ম্যাচ একসাথে খেলেছে। এখন সে মোটামুটি ঠিক আছে। ফিজিও এবং ট্রেনার খুব ভালোভাবেই ওর ওয়ার্কলোডটা ম্যানেজ করছে। ও যদি আগামীকাল খেলার সুযোগ পায়, আমার মনে হয় সে ফ্রেশ অবস্থাতেই মাঠে নামবে। আমি মনে করি নাহিদ ভালোভাবেই খেলার জন্য প্রস্তুত আছে।’