চ্যাম্পিয়নস ট্রফির শুরুতেই ফখর জামানের চোট

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩০ পিএম

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা ধরে রাখার অভিযান শুরুতেই ধাক্কা খেল। করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই চোট পেয়ে মাঠ ছাড়লেন ফখর জামান।

নিউজিল্যান্ড ইনিংসের দ্বিতীয় বলেই ফিল্ডিং করতে গিয়ে পিঠে অস্বস্তি অনুভব করেন ফখর। কাভার অঞ্চল দিয়ে উইল ইয়ংয়ের শট থামিয়ে বল বাবর আজমের দিকে ঠেলে দেন তিনি, তবে সঙ্গে সঙ্গেই পিঠে হাত দিয়ে সংকেত দেন বদলির প্রয়োজনীয়তার। ফিজিওর সঙ্গে মাঠ ছাড়লেও হাঁটতে কোনো সমস্যা হয়নি তার। পরে নবম ওভারে নিউজিল্যান্ড দ্বিতীয় উইকেট হারানোর পর আবার মাঠে ফেরেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, 'ফখর জামানকে একটি মাংসপেশির চোটের জন্য পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হচ্ছে। পরবর্তী আপডেট যথাসময়ে দেওয়া হবে।'

পাকিস্তান এর আগে একই ধরনের চোটে সাইম আইয়ুবকে হারিয়েছিল, যিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেই ছিটকে গেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক টেস্টে বাউন্ডারি বাঁচাতে গিয়ে গোড়ালির চোট পান তিনি, যা শেষ পর্যন্ত ফ্র্যাকচারে গড়ায়। অন্তত মার্চের মাঝামাঝি পর্যন্ত তিনি মাঠের বাইরে থাকবেন। সাইমের পরিবর্তন হিসেবেই ফখর ফিরে এসে দুর্দান্ত ফর্ম দেখান—প্রথম দুই ম্যাচে করেন ৮৪ (৬৯ বলে) ও ৪১ (২৮ বলে)।

তবে ম্যাচের আগেই পাকিস্তানের জন্য স্বস্তির খবর ছিল হারিস রউফের ফেরা। সম্প্রতি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে সাইড স্ট্রেইনের কারণে তিনি ছিটকে গিয়েছিলেন। ওই সিরিজেই নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র চোট পান, যখন বাউন্ডারিতে বলের গতিপথ হারিয়ে মাথায় আঘাত পান তিনি। তার কপালে সেলাই দিতে হয়। যদিও নিউজিল্যান্ড জানিয়েছে, তিনি কোনো দেরিতে আসা কনকাশনের লক্ষণ দেখাননি, তারপরও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাকে রাখা হয়নি। ম্যাচ চলাকালীন ড্রিংক্স সার্ভিসে দেখা যায় তাকে।

এদিকে, ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানে কোনো আইসিসি টুর্নামেন্ট গড়ালো। করাচির জাতীয় স্টেডিয়ামের বাইরে খেলা শুরুর ঘণ্টাখানেক আগেই দর্শকদের ঢল নামে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। ম্যাচ শুরুর আগে ছিল বিমান বাহিনীর চমৎকার ফ্লাই-পাস্ট শোও। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত