বলসোনারোর বিরুদ্ধে অভিযোগ গঠন

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে নির্বাচনের ফল পাল্টে দেওয়া ও অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগ গঠন করা হয়েছে। বোলসোনারো ও নির্বাচনে তার রানিংমেট জেনারেল ভাউতের ব্রাগা নেতোর বিরুদ্ধে অপরাধমূলক সংগঠনের নেতৃত্ব দেওয়ার আনুষ্ঠানিক অভিযোগ এনেছেন প্রসিকিউটর জেনারেল পাউলো গোনে। তিনি বলেন, ২০২২-এর নির্বাচনে নিজেদের পরাজয় না মেনে ৪০ বছরের পুরনো গণতন্ত্রকে উৎখাতের চেষ্টা করেছেন তারা।

অভিযোগপত্রে বলা হয়েছে, ক্ষমতার কর্র্তৃত্ববাদী প্রকল্পের ওপর ভিত্তি করে গণতান্ত্রিক শৃঙ্খলার জন্য ক্ষতিকর কাজের দায় জাইর বোলসোনারোর নেতৃত্বাধীন একটি অপরাধমূলক সংগঠনের ওপর পড়েছে।

চার্জশিটের তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই চক্রান্তের জন্য ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাদের মধ্যে বোলসোনারোর সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত সামরিক জেনারেল আউগুস্তো এলিয়েনো এবং সাবেক নৌবাহিনী কমান্ডার আলমিয়ের গার্নিয়ের সান্তোসও আছেন।

অভ্যুত্থানের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে অভিযোগপত্রে আরও বলা হয়, তারা সরকারের তিনটি শাখার ওপরই সম্পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছিলেন। তারা যে নতুন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তা সংগঠিত করার দায়িত্বপালনের জন্য একটি কেন্দ্রীয় দপ্তরের রূপরেখাও করেছিলেন। বোলসোনারো প্রেসিডেন্ট নির্বাচনে হারের পর তার সমর্থকরা ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আন্দোলন গড়ে তুলেছিল। ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা ক্ষমতা গ্রহণের এক সপ্তাহ পর বোলসোনারোর সমর্থকরা ২০২৩ সালের শুরুর দিকে রাজধানী ব্রাজিলিয়া জুড়ে দাঙ্গা লাগিয়ে দিয়েছিল। তারা পার্লামেন্টসহ বিভিন্ন সরকারি ভবনে হামলা চালায়। অভিযোগ প্রমাণিত হলে বোলসোনারো অন্তত ১২ বছরের কারাদণ্ডের মুখোমুখি হবেন।

এর আগে বামপন্থি লুলাকে হত্যা করার পরিকল্পনার অভিযোগে পাঁচজন কথিত ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আইন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগেই লুলাকে বিষপ্রয়োগের চক্রান্ত করেছিলেন বোলসোনারো।