বাবাকে অপবাদের প্রতিবাদ, ছাত্রীকে গাছে বেঁধে নির্যাতন

কুড়িগ্রামের রাজারহাটে স্কুলশিক্ষার্থীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজারহাট থানা পুলিশের ওসি তসলিম উদ্দিন জানিয়েছেন, ভুক্তভোগী ওই কিশোরীর বাবার করা মামলায় মায়া বেগম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি চার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ গ্রামের মোস্তফা মিয়ার নবম শ্রেণির শিক্ষার্থী মোহনা আক্তারের ছোট বোন আশামণি (৯) কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিল। মোহনার দাদি তার নাতনির চিকিৎসার জন্য তার বাবাকে একটি গরু দেন। এ নিয়ে মোহনার দুরসম্পর্কের দাদু আব্দুল কাদের মোহনার বাবাকে চোর সাব্যস্ত করে চৌকিদার পাঠিয়ে হুমকি দেন।

গত মঙ্গলবার মোহনা তার বাবাকে দেওয়া চোর অপবাদের প্রতিবাদ করলে আব্দুল কাদের উঠানেই মোহনাকে ধরে শারীরিক নির্যাতন করেন। তাকে প্রায় ছয় ঘণ্টা গাছে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে ওইদিন বেলা ৩টার দিকে রাজারহাট থানা পুলিশ মোহনাকে উদ্ধার করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গত রাতেই মোহনার বাবা মোস্তফা মিয়া আব্দুল কাদেরসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। রাতেই মামলার দুই নম্বর আসামি মায়া বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি তছলিম উদ্দিন বলেন, মেয়েটির বাবার করা মামলার দুই নম্বর আসামি মায়া বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।