ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকদের আগ্রহের কেন্দ্রে ছিলেন নাহিদ রানা। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে তারা বারবার এই তরুণ পেসারের বিষয়ে জিজ্ঞাসা করেছেন। কিন্তু আজ বৃহস্পতিবার দেখা গেল, ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশে সেই নাহিদ রানাই নেই! এছাড়া নেই অভিজ্ঞ মাহমুদউল্লাহও।
ধারাভাষ্যকারেরা জানিয়েছেন, মাহমুদউল্লাহ সামান্য চোট পেয়েছেন। তবে নাহিদ রানার অনুপস্থিতি বড় চমক। ম্যাচের আগে তরুণ গতিময় পেসারকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। টসের পর অধিনায়ক নাজমুল বলেছেন, ‘তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছি। মুশফিক ও হৃদয় চোট কাটিয়ে উঠেছে। আমরা আত্মবিশ্বাসী।’
নাহিদ রানার অনুপস্থিতিতে পেস বিভাগ সামলাবেন দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তাদের সঙ্গে থাকছেন তরুণ তানজিম হাসান সাকিব। স্পিন আক্রমণে আছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। দলের প্রয়োজনে হাত ঘোরাতে দেখা যেতে পারে মিডিয়াম পেসার সৌম্য সরকারকে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হর্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।