ম্যাচটি বাংলাদেশের সাথে অন্য দলের হলে হয়তো বিষয়টি নিয়ে আলোচনা হতো না। তবে প্রতিপক্ষ ভারত ছিল বলেই 'এ' গ্রুপের ম্যাচের ব্রডকাস্টের লোগোতে পাকিস্তানের নাম না থাকায় শুরু হয়েছে শোরগোল।
বাংলাদেশ ও ভারতের ম্যাচে ব্র্যান্ডিংয়ে পাকিস্তানের নাম বাদ দেওয়া নিয়ে আইসিসির কাছে তাই ব্যাখ্যা চেয়েছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বৃহস্পতিবার দুবাইয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচের সরাসরি সম্প্রচার চলাকালীন স্ক্রিনের ওপরের বাম কোণে লোগোতে ইভেন্টের নাম ছিল 'চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫'। তবে পুরো ম্যাচে একবারও নিচে স্বাগতিক পাকিস্তানের নাম ছিল না।
বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে, কারণ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচে স্ক্রিনের ওই একই জায়গায় ইভেন্টের নাম, সেইসাথে পাকিস্তানের নাম সম্প্রচারে দৃশ্যমান ছিল। শুক্রবার আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচেও ছিল সেই চিত্র।
পাকিস্তানে গিয়ে ভারত এই টুর্নামেন্টে খেলতে রাজি না হওয়ায় তাদের সব ম্যাচ রাখা হয়েছে দুবাইতে। এমনকি ভারত ও পাকিস্তান ফাইনালে গেলে সেটাও হবে দুবাইতেই। ফলে ভারতের ম্যাচে ব্রডকাস্টে লোগো থেকে পাকিস্তানের নাম বাদ দেওয়ায় পিসিবি ক্ষুব্ধ।
আইসিসি অনানুষ্ঠানিকভাবে পিসিবিকে বলেছে যে, এটি একটি টেকনিক্যাল ত্রুটি ছিল বলে তাদের ধারণা। তবে এই ব্যাখ্যাতে পিসিবিকে অসন্তুষ্ট। কারণ, টুর্নামেন্টের গ্রাফিক্স বেশ আগেই প্রস্তুত করা হয় এবং আইসিসি লাইভ ফিডকেও তা আগে থেকেই সরবরাহ করা হয়।