দুবাইয়ের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। আইসিসি আর এসিসির টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তান লড়াই দেখাই যায় না। এত কাঙ্ক্ষিত ম্যাচ যদি আবহাওয়ার কারণে ভেস্তে যায়, তাহলে দর্শকদের আফসোসের শেষ থাকবে না। তবে তেমন কোনো শঙ্কা নেই।
রবিবার দিবা-রাত্রির এই ম্যাচে বৃষ্টির শঙ্কা নেই বললেই চলে। সকাল থেকেই পরিষ্কার থাকবে আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ থাকবে ২০ কিলোমিটার প্রতি ঘণ্টার কাছাকাছি। বিকালের পর হাওয়ার গতিবেগ কিছুটা বেড়ে সর্বোচ্চ ৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
দুবাইয়ের আবহওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যায় সেখানকার আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে মেঘের পরিমাণ। রাতে সামান্য বৃষ্টির সম্ভাবনাও আছে। বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, রবিবার রাতে দুবাইয়ে বৃষ্টির সম্ভাবনা ৪ শতাংশ। এটা এতই কম যে, ভারত-পাকিস্তানে ম্যাচে কোনো প্রভাব ফেলবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।
যে উইকেটে খেলা হবে, সেটায় বোলারেরা কিছু সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। মন্থর উইকেট ব্যাটারদের জন্য বধ্যভূমি হয়ে উঠতে পারে। বাংলাদেশের বিপক্ষে জয়ে কিছুটা সুবিধাজনক জায়গায় আছেন রোহিত শর্মারা। পাকিস্তানকে হারাতে পারলে ভারত সেমিফাইনালের দিকে অনেকটা এগিয়ে যাবে। অন্যদিকে এই ম্যাচ হারলে সেমির আশা প্রায় শেষ হয়ে যাবে পাকিস্তানের।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল (সহ-অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা।
পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আগা সালমান, বাবর আজম, ইমাম-উল-হক, তৈয়ব তাহির, সৌদ শাকিল, খুশদিল শাহ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।