বাংলাদেশকে নিয়ে স্যান্টনারের ভয়, 'যেকোনো দলকে হারিয়ে দিতে পারে'

পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে আসরে শুভ সূচনা পেয়েছে নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে সেমিফাইনালের পথ সহজ করে রাখতে চাইবেন কিউইরা। প্রথমবার আইসিসির কোনো ইভেন্টে অধিনায়কত্ব করতে এসে বেশ সতর্ক মিচেল স্যান্টনার। বাংলাদেশকে কোনো ভাবেই হালকা করে নিচ্ছেন না তিনি। আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে  স্যান্টনার সমীহ করেছেন বাংলাদেশের পেস অ্যাটাকের।

তাসকিন-মোস্তাফিজ-নাহিদদের নিয়ে গড়া বাংলাদেশের পেস আক্রমণ হুমকি হয়ে উঠতে পারে যে কোনো ম্যাচে। স্যান্টনার এ প্রসঙ্গে বলেন, ‘তারা এখন খুবই ভালো দল। স্পিনের পাশাপাশি পেসেও ভালো করছে। তাসকিন দীর্ঘদিন ধরে ভালো করছে। আমরা জানি ফিজ কত ভালো হতে পারে। রানা খুব দ্রুত বল করে। আমরা তাদের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে অনেক ম্যাচ খেলেছি। তারাও আমাদের চেনে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলব।’

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে না থেকেও আছেন সাকিব আল হাসান। প্রতিপক্ষ অধিনায়ককেও জবাব দিতে হয়েছে সাকিবের অভাবে দলে সৃষ্টি হওয়া শূন্যতা নিয়ে। ‘আমরা দেখেছি সাকিব দীর্ঘদিন ধরে কত ভালো খেলে গেছে। সব কন্ডিশনে সে ভালো খেলতে পারে। তবে তাদের এখন রিশাদ আছে যে খুব ভালো লেগ স্পিনার। মেহেদী মিরাজ আছে, মাহমুদউল্লাহও কিছু ভালো ওভার করতে পারে।’- বলেন স্যান্টনার।

স্যান্টনার জানেন নিজেদের দিনে বাংলাদেশ হয়ে উঠতে পারে ভয়ংকর। তাই বলেছেন, ‘আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারাতে পারে।’