কাজের ন্যায্যতা দেখাতে না পারলে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের চাকরি হারানোর ঝুঁকির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন বিশ্বের শীর্ষ ধনী ও ট্রাম্প সহযোগী ইলন মাস্ক। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সরকারি কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে এমন নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) প্রধান ইলন মাস্ক এক্স-এ করা পোস্টে বলেন, এই ই-মেইলে করা অনুরোধে সাড়া না দিলে তা পদত্যাগ বলে ধরে নেওয়া হবে। এক্স-এ করা পোস্টে মাস্ক বলেন, কিছুক্ষণের মধ্যেই সব ফেডারেল কর্মী একটি ই-মেইল পাবেন, তাতে তারা গত সপ্তাহে কী করেছেন তা বোঝানোর অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সাড়া দিতে ব্যর্থ হলে তা পদত্যাগ বলে ধরে নেওয়া হবে।
মাস্কের এই পোস্টের কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে করা পোস্টে বলেন, ২৩ লাখের শক্তিশালী ফেডারেল কর্মীবাহিনী আকার ছোট করে নতুনভাবে সাজানোর উদ্যোগে ডিওজিই-র আরও আক্রমণাত্মক হতে হবে। রয়টার্স জানিয়েছে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের কর্মীদের কাছে এই ই-মেইল পাঠানো হয়েছে। বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীরা গত সপ্তাহে কর্মক্ষেত্রে যেসব কাজ সম্পন্ন করেছেন তা সংক্ষিপ্তভাবে পাঁচটি বুলেট পয়েন্ট আকারে লিখে জবাব দিতে বলা হয়েছে ই-মেইলে। পার্সোনাল ম্যানেজমেন্ট দপ্তরের একটি মানব সম্পদের ঠিকানা থেকে ই-মেইলগুলো পাঠানো হয় এবং স্থানীয় সময় সোমবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জবাব দিতে বলা হয়।
তবে ফেডারেল কর্মীরা যদি ওই অনুরোধে সাড়া দিতে ব্যর্থ হন তাহলে মাস্ক কোন আইনিভিত্তিতে তাদের ছাঁটাই করবেন তা নিশ্চিত করে বলেননি। সেই সঙ্গে যেসব সরকারি কর্মীরা গোপনীয় বা কৌশলগত বিষয় নিয়ে কাজ করেন, তারা তাদের কাজের বিস্তারিত বিবরণ দিতে না পারলে কী ব্যবস্থা নেওয়া হবে সেটিও স্পষ্ট করে জানা যায়নি।