অমর একুশে বইমেলা-২০২৫-এর শেষ সপ্তাহ চলছে। শেষ পর্যায়ে এসে মেলা প্রাঙ্গণে জনসমাগম বেড়েছে। দর্শনার্থীদের পাশাপাশি বেড়েছে বিক্রিও। অন্য দিনগুলোতে ক্রেতার তুলনায় দর্শনার্থী বেশি হলেও গতকাল রবিবার ছুটির দিনের তুলনায় কম দর্শনার্থী এলেও তাদের অধিকাংশই বই কিনে ফিরেছেন বলে জানান বিক্রয়কর্মী ও প্রকাশকরা। গতকাল মেলার ২৩তম দিনে বইয়ের স্টলগুলো ঘুরে এই চিত্র লক্ষ্য করা যায়। ২৩ দিনে মেলায় ২ হাজার ৫১৮টি নতুন বই প্রকাশিত হয়েছে, যার মধ্যে গতকাল সংযুক্ত হয়েছে ৬৭টি বই।
বইমেলার টিএসসি ও মন্দির গেট দিয়ে ঢুকতেই মানুষের ভিড় লক্ষ্য করা যায়। স্টলগুলো বিশেষ করে প্যাভিলিয়নগুলোতে ছিল মানুষের সরব উপস্থিতি। এদিন ছবি তোলার পাশাপাশি অধিকাংশ পাঠক বই কেনায় ব্যস্ত বলেও দেখা গেছে। অনেকেই প্রিয় লেখক বা যে বই কিনেছেন সেই লেখকের অটোগ্রাফ নিয়ে ছবি তুলতে ব্যস্ত দেখা যায়।
সমর্পণ প্রকাশনী থেকে বই কেনা সালমান বলেন, ‘এর আগেও কয়েক দিন এসেছি। কিন্তু বই কেনা হয়নি। আজকে (গতকাল) দুইটা বই কিনেছি। বইমেলার শেষদিন এসে আরও বই কেনার ইচ্ছে আছে।’
সামিয়া আফরিন নামে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘প্রথম সপ্তাহে দুদিন মেলায় এসেছিলাম। তখন বই কেনা হয়নি। তবে আজকে কয়েকটা বই কিনব।’
অনন্যা প্রকাশনীর সামনে কথা হয় রফিক নামে এক পাঠকের সঙ্গে। তিনি বলেন, ‘হুমায়ূন আহমেদ স্যারের মিসির আলি সমগ্র কিনতে এসেছি। বইমেলা থেকে বই না কিনলে মেলার উদ্দেশ্যই পূর্ণ হয় না।’
গার্ডিয়ানের বিক্রয়কর্মী আমানত উল্লাহ বলেন, ‘আজকে ভিড় কমই বলা চলে, অন্যদিন চাপ সামলানো মুশকিল হয়ে পড়ে। আমাদের স্টলে দর্শনার্থীর চেয়ে বই কেনা পাঠক সংখ্যা অনেক বেশি। এবার কায় কাউসের লেখা ইতিহাসের ছিন্নপত্র তৃতীয় খণ্ড, দিপ্র হাসানের অ্যাপোক্যালিপস, মোজাম্মেল হোসেন ত্বোহার অপারেশন আল আকসা ফ্লাড বেশ ভালো চলছে। এ ছাড়া প্যারাডক্সিক্যাল সাজিদ, স্মার্ট প্যারেন্টিং উইথ মুহাম্মদ (সা.), সিক্রেট অব জায়োনিজম এই বইগুলো পুরনো হলেও বেশ চলছে।’
সত্যায়ন প্রকাশনের বিক্রয়কর্মী তারেকুল ইসলাম বলেন, ‘এবার ফরায উদ্দিন ফারহানের ‘প্রচেষ্টা’ ভালো চলছে। আরেকটি আসবে মিজানুর রহমান আজহারির বই কোরআনকে নিয়ে। এই বইটি আসার আগেও বেশ সাড়া পাচ্ছি। সবমিলিয়ে ব্যাপক বিক্রি হচ্ছে। আশা করছি, বিগত বছরগুলোর তুলনায় আরও ভালো বিক্রি হবে।’
অন্য প্রকাশের প্রকাশক বলেন, ‘বইমেলার বেশিদিন বাকি নেই। তাই যারা এখন আসছেন বই কিনতেই আসছেন। এতদিন মানুষ এসে ছবি তুলে বই দেখে চলে যেত। আজকে ভালো বিক্রি হয়েছে। সামনের কদিনও ভালো বিক্রির আশা করছি।’
আজকের অনুষ্ঠান : আজ সোমবার বইমেলার ২৪তম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে হবে ‘জন্মশতবর্ষ : অমলেন্দু বিশ্বাস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। মিলনকান্তি দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন সাইদুর রহমান লিপন এবং আলোচনায় অংশগ্রহণ করবেন শাহমান মৈশান।