জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা, চাঁদাবাজি ও সংঘর্ষের ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছে ইসলামী ছাত্রশিবির। ছাত্রদল সন্ত্রাসী কায়দায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে শিবিরের ওপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ উপস্থাপন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে দেশে সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দায়ী করে প্রয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং ইসলাম বিদ্বেষের অভিযোগ তুলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহার গ্রেপ্তার-শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসে সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও সহাবস্থান নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। কিন্তু আমরা লক্ষ করছি বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্রসংগঠনকে অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে। শুধু তাই নয়, নিজেরা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের ওপর হামলা করে তার দায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দিচ্ছে, যার প্রবক্তা ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।’
ছাত্রদল তাদের সন্ত্রাসী কার্যক্রমের দায় শিবিরের ওপর চাপিয়ে দেয় অভিযোগ করে শিবির সভাপতি বলেন, ‘সম্প্রতি কুয়েট, এমসি কলেজ ও তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় যে হামলা হয়েছে, তা একটি ছাত্রসংগঠনের নব্য ফ্যাসিবাদ হয়ে ওঠার ধারাবাহিকতারই অংশ বলে আমরা মনে করছি। কুয়েটে সাধারণ ছাত্রদের ওপর ছাত্রদল-যুবদলের বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে প্রকাশ্য দিবালোকে পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা পরিচালনা করে। কিন্তু ছাত্রদল তাদের উচ্ছৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দেয়। শুধু তাই নয়, প্রকাশ্য সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শিবিরের ওপর দায় দিয়ে দেওয়ার নির্দেশনা প্রদান করে, যার মাধ্যমে দেশবাসীর কাছে তাদের ঘৃণ্য পরিকল্পনা স্পষ্ট হয়ে যায়।’
কুয়েটের সংঘাতের ঘটনায় শিবির যে জড়িত নয়, তা প্রমাণিত দাবি করে জাহিদুল ইসলাম বলেন, ‘সিলেটের এমসি কলেজে আনযুমানে তালমীযে ইসলামিয়ার কর্মী মিজানুর রহমান রিয়াদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনায় দুজন (জাহিদুল ইসলাম হৃদয় ও রিয়াদ) আহত হওয়ার দায় ছাত্রশিবিরের ওপর প্রদান করে। পরে কলেজ অধ্যক্ষের বক্তব্যের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ পেলে ছাত্রশিবির যে সেই ঘটনার সঙ্গে জড়িত নয়, তা প্রমাণিত হয়।’
ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে অভিযোগ করে শিবির সভাপতি বলেন, ‘ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে। নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠন ছাত্রদলকে তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে।’
ছাত্রদলের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ করে তিনি বলেন, ‘সারা দেশে শত শত জায়গায় চাঁদাবাজি, দখলদারি দেখে বোঝার উপায় নেই যে, দেশে কোনো পরিবর্তন হয়েছে। অপরাধীদের হাত বদল হয়েছে ঠিকই, কিন্তু অপরাধ আগের মতোই চলছে। গত ২২ ফেব্রুয়ারি যশোরের চাঁচড়ায় চাঁদা না দেওয়ায় সম্রাট নামে এক মাছ ব্যবসায়ীর চোখ উপড়ে ফেলে ছাত্রদলের সন্ত্রাসীরা। শনিবার গাজীপুরে মাইকে ঘোষণা দিয়ে প্রকাশ্য দিবালোকে চাঁদা আদায় করার ঘটনা আপনারা দেখেছেন।’
তামীরুল মিল্লাত সভাপতির ওপর ছাত্রদল হামলা করে অভিযোগ করে শিবির সভাপতি বলেন, ‘টঙ্গীতে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী ও ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বি সিফাতকে হত্যার উদ্দেশ্যে ছাত্রদলের সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। শুধু তাই নয়, জোরপূর্বক নিজেদের পক্ষে স্বীকারোক্তি নিতে একাধিকবার ছাত্রদল কর্মীরা নির্যাতন করে। আসামিকে ছিনিয়ে নিয়ে ছাত্রশিবিরের বিরুদ্ধে বক্তব্য নিতে ছাত্রদলের নেতাকর্মীরা থানার সামনে মব তৈরি করার চেষ্টা করে।’
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি : সম্প্রতি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেছে ছাত্রশিবির। সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ঘটছে। আমরা ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অথবা নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।’
এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি : মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়ে শিবির সভাপতি বলেন, ‘আমরা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি, জুলাই গণহত্যায় জড়িতদের ৭২৩ জনকে জামিন দেওয়া হয়েছে, অথচ বিগত ১৫ বছরের দায়ের করা মামলার আসামিদের মুক্তি দেওয়া হচ্ছে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ইসলামসহ সব মজলুমের দ্রুত মুক্তির দাবি করছি।’
কিছু মিডিয়ার শিবিরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ : কিছু গণমাধ্যম শিবিরের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে শিবির সভাপতি বলেন, ‘ফ্যাসিবাদ-পরবর্তী বাংলাদেশে কতিপয় গণমাধ্যমের অপেশাদারি আচরণ আমাদের ব্যথিত করেছে। কিছু কিছু সংবাদ আমাদের কাছে একপেশে বলে প্রতীয়মান হয়েছে। আমরা মনে করি এগুলো মিডিয়ার ইচ্ছাকৃত ভুল নয়, অসাবধানতা বা তথ্য যাচাইয়ের প্রক্রিয়া পুরোপুরি অনুসরণ করতে না পারার দরুন এমনটা হয়েছে।’
রাখাল রাহাকে গ্রেপ্তারের দাবি : সংবাদ সম্মেলনে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা লক্ষ করেছি, মুক্ত চিন্তার নামে দেশে ইসলামবিদ্বেষী একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। সেই গোষ্ঠীরই এক ক্রীড়নক এনসিটিবির পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা (সাজ্জাদুর রহমান) একটি ফেসবুক পোস্ট দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে, যা ফৌজদারি আইন লঙ্ঘনের শামিল। আমরা অতি দ্রুত তাকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ঢাবি শিবিরের সদ্য সাবেক সভাপতি সাদিক কায়েম এবং ঢাবি শাখা শিবিরের সভাপতি এসএম ফরহাদ ও সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।