হৃদয় ৭ মুশফিক ২ রিয়াদ ৪, বিপর্যয়ে বাংলাদেশ

মাইকেল ব্রেসওয়েলের ঘূর্ণিতে ধসে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। তার পরপর দুই ওভারেই ফেরেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। 

প্রথমে চাপের মুখে ভুল সিদ্ধান্ত নিয়ে উইকেট ছুঁড়ে দেন হৃদয়। ব্রেসওয়েলের ফুললেংথ বল কভারের ওপর দিয়ে মারতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল উঠে যায় বাতাসে। উইলিয়ামসন দারুণভাবে দৌড়ে পেছনে গিয়ে ক্যাচ নেন। ধীরগতির ইনিংস খেলে মাত্র ৭ রান করে ফেরেন হৃদয়। 

ব্রেসওয়েলের পরের ওভারেই শিকার মুশফিক। ভারতের বিপক্ষে প্রথম বলেই আউট হওয়া মুশফিক এবারও সুবিধা করতে পারেননি। অফস্টাম্পের বাইরে ফ্লাইটেড বল সুইপ করতে গিয়ে তুলে দেন ডিপ মিডউইকেটে। রাচিন রবীন্দ্র সহজ ক্যাচ নিলে মাত্র ২ রানেই সাজঘরে ফেরেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।

দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে বাংলাদেশ। এখন মিডল অর্ডারের ব্যাটারদের ওপর ভরসা করতে হবে দলকে সংকটমুক্ত করতে।