নাহিদের ১৪৯ গতির বলে পরাস্ত উইলিয়ামসন

ভারতের বিপক্ষে আসরের প্রথম ম্যাচের আগে বিশ্বের ক্রীড়া সাংবাদিকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন নাহিদ রানা। ওই ম্যাচে না খেললেও বাংলাদেশের এখনকার সময়ের সবচেয়ে গতিময় পেসার নাহিদ প্রমাণ করে দিলেন- কেন তাকে নিয়ে আলোচনা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ওভার করতে এসে ঘন্টায় ১৪৮.৯ কিলোমিটার গতির বলে তিনি তুলে নিয়েছেন বিশ্বের বাঘা ব্যাটসম্যানদের একজন কেন উইলিয়ামসনের উইকেট।

উইন্ডিজ সফরে ওয়ানডে অভিষেকের পর এই ফরম্যাটে এবারই প্রথম কোনো আইসিসি ইভেন্ট খেলতে নেমেছেন নাহিদ রানা। আর বড় মঞ্চের ‘অভিষেক’ ম্যাচের দ্বিতীয় ওভারেই উইকেট পাওয়ার স্বাদ পেলেন তিনি। সেটিও কেন উইলিয়ামসনের মতো একজন ব্যাটসম্যানের। ষষ্ঠ উইকেটের লাইনে তার গতিময় লেন্থ ডেলিভারিটি উইলিয়ামসনের ব্যাটের কানা ছুঁয়ে জমে কিপারের গ্লাভসে।

আসরে টিকে থাকার এই ম্যাচে ৯ উইকেটে ২৩৬ রানের মামুলি পুঁজির পর বোলারদের দিকেই চেয়ে তাকতে হচ্ছে সবাইকে। প্রথম ওভারে উইকেট-মেডেন ওভার উপহার দিয়ে তাসকিন আহমেদ ফেরান উইল ইয়ংকে। ৬ ওভার শেষে কিউইদের সংগ্রহ এখন ২ উইকেটে ২০ রান।