ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল ২২৮ রানে। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই স্কোরের চেয়ে ৮ রান বেশি করতে পেরেছে দল। যদিও ২৩৬ রানের সংগ্রহ খুব বেশি নয়, তবে এই উইকেট ও কন্ডিশন অনুযায়ী লড়াই করার মতো।
নাজমুল হোসেন শান্ত ৭৭ রান করে দলের ব্যাটিংকে একপ্রকার টেনে নিয়ে গেছেন। মিডল অর্ডারের ব্যর্থতার পর জাকের আলীর ৪৫ রান দলকে ২০০ পেরোতে সাহায্য করে। তবে শেষদিকে দ্রুত উইকেট হারানোয় বড় সংগ্রহ সম্ভব হয়নি।
রিশাদ হোসেন ২৫ বলে ২৬ রান করে আউট হলে বাংলাদেশের সপ্তম উইকেটের পতন হয়। জাকের আলী এক প্রান্ত আগলে রেখে দলকে ২০০ রানের কোঠায় নিয়ে যান। তবে ৪৫ রান করে রানআউটের শিকার হন তিনি। তাসকিন আহমেদ ১০ রান করে আউট হলে ২৩৬ রানে থামে বাংলাদেশের ইনিংস। শেষ ওভারে কাইল জেমিসনের দারুণ বোলিংয়ে কোনো রান নিতে পারেননি নাহিদ রানা, ফলে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৩৭ রান।
রাওয়ালপিন্ডির উইকেট বেশ ফ্ল্যাট, তবে রাতের দিকে স্পিনারদের জন্য সাহায্য থাকতে পারে। নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ শক্তিশালী, তাই ২৩৬ রান দিয়ে নিজেদের রক্ষা করতে হলে বাংলাদেশকে নিখুঁত বোলিং ও ফিল্ডিং করতে হবে। নতুন বলের বোলারদের পাশাপাশি রিশাদ হোসেনের লেগস্পিন ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।
এখন দেখার বিষয়, বাংলাদেশের বোলাররা কি এই ৮ রানের উন্নতির সঙ্গে জয়ও এনে দিতে পারেন কি না!
কার্সের চোটে বিপদে ইংল্যান্ড
তামিম ইকবালসহ ১৪ জন চসিকের একুশে স্মারক সম্মাননা পাচ্ছেন