১৭ বছর পর এলাকায় ফিরছেন আব্দুস সালাম পিন্টু

কারামুক্তির দুই মাস পর আগামী ২৮ ফেব্রুয়ারি নিজ এলাকা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গুলিপেঁচায় আসছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর। এদিন বিকাল ৩টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনা দেবে ভূঞাপুর উপজেলা ও পৌর শাখা বিএনপি। সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ব্যাপক প্রচারণা ও প্রস্তুতি গ্রহণ করছে বিএনপি ও অঙ্গসংগঠন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, ১৭ বছর পর আমাদের প্রিয় নেতা আব্দুস সালাম পিন্টু ভূঞাপুরে আসবেন। তার জন্য গণসংবর্ধনার আয়োজন করেছি। এছাড়াও তার নিজ এলাকায় যাওয়ার কথা রয়েছে।

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০১ সালে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার হন তিনি। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর ২৪ ডিসেম্বর বেলা ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আব্দুল সালাম পিন্টু।