চ্যাম্পিয়নস ট্রফিতে দায়িত্ব পালনে অনিচ্ছুক শতাধিক পুলিশ বরখাস্ত

চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠের পাশাপাশি মাঠের বাইরেও চলছে ‘খেলা’। প্রায় তিন দশক পর আইসিসির টুর্নামেন্ট আয়োজন করা পাকিস্তান বিপুল নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতি সন্ত্রাস আক্রান্ত দেশটিতে। এর মাঝেই জানা গেল, দীর্ঘ কর্মঘণ্টার চাপে অতিষ্ঠ হয়ে ১০০ জনেরও বেশি পাকিস্তানি পুলিশ সদস্য দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোয় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা একাধিকবার দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন। এমনকী আইসিসি টুর্নামেন্টের ডিউটিতে অনুপস্থিত ছিলেন। পাঞ্জাব পুলিশের এক কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং নির্ধারিত হোটেলের মধ্যে ভ্রমণকারী দলগুলোর নিরাপত্তা প্রদানের জন্য পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তারা হয় অনুপস্থিত ছিলেন বা তাদের দায়িত্ব নিতে সরাসরি অস্বীকার করেছিলেন।’

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভ্রমণকারী বিদেশি নাগরিকদের নিরাপত্তা হুমকির বিষয়ে পাকিস্তান ইন্টেলিজেন্স ব্যুরো উচ্চ সতর্কতা জারি করার একদিন পর এই ঘটনাটি ঘটল। পাকিস্তানের স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা দীর্ঘ কর্মঘণ্টার কারণে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। তারা পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগটাও পাচ্ছিলেন না।

তবে এখন পর্যন্ত বরখাস্ত হওয়া পুলিশ কর্মীরা কেন তাদের অর্পিত সরকারি দায়িত্ব পালন করতে অস্বীকার করেছেন সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। পাঞ্জাব পুলিশের ওই কর্মকর্তা পিটিআইকে আরও বলেছেন, ‘আন্তর্জাতিক ইভেন্টের নিরাপত্তার ক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই। পাঞ্জাবের আইজিপি উসমান আনোয়ার অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।’