শীর্ষ ফুটবলারদের প্রায় সবাইকে বাদ দিয়ে দল সাজিয়েছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ জেমস বাটলার। প্রথম পরীক্ষায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩-১ গোলে হেরে গেছে তার দল। দলের একমাত্র গোলদাতা আফঈদা খন্দকার। তারপরও এই তরুণ দল নিয়ে আশাবাদী ইংলিশ কোচ। তার আশা, এই দলটি অনেকদিন টিকে থাকবে।
আমিরাতের বিপক্ষে ম্যাচ শেষে বাটলার বলেন, ‘যেভাবে আমরা শক্তিশালী একটা দলের বিপক্ষে খেলেছি, তাতে আমি খুশি। তাদের লং পাসের খেলায় আমাদের ভুগতে হয়েছে। আমরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারতাম। তবে এটা নিয়ে আমি দুঃখ করতে চাই না। আমি বাস্তব জগতে থাকি। যারা ম্যাচটি দেখেছে, তারা বলবে, সংযুক্ত আরব আমিরাতকে আমরা কিছু ক্ষেত্রে ছাপিয়ে গিয়েছি। দলের পারফরম্যান্সে আমি খুশি।’
সমালোচকদের খোঁচা মেরে নারী ফুটবল দলের এই কোচ আরও বলেন, ‘যেকোনো ম্যাচ হেরে যাওয়া হতাশার। আগেও বলেছি, মাঠে নামার মধ্যে দিয়েই এই মেয়েদের নৈতিক জয় হয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, যেভাবে মেয়েরা খেলেছে, অসাধারণ। আমার মনে হয়, নির্দিষ্ট কিছু মানুষ হাসবে এবং রসিকতা করবে। কিন্তু আমি সবসময় বিশ্বাস করি, এই দল অনেক দিন টিকবে। আমি মনে করি, জয়টা মূখ্য নয়, উন্নতি করাটা গুরুত্বপূর্ণ। পরবর্তী সাফের জন্য দল গড়ে তোলা এবং এএফসির প্রতিযোগিতার দিকে এগিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ।’
এদিকে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেছেন, ‘ফুটবল তো গোলের খেলা, সেখানে আমরা হেরেছি। কিন্তু একটা ফ্রেশ (নতুন) দল হিসেবে তারা দারুণ ফুটবল খেলেছে এবং এটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কেবল আমি নই, যারা সম্মানিত অতিথী ছিলেন, দর্শক যারা মাঠে এসেছিলেন, তারা মেয়েদের খেলা উপভোগ করেছেন। কিছু কিছু জায়গায় হয়তো আমাদের উন্নতি করতে হবে, যেটা নিশ্চয় কোচ দেখভাল করবেন।’