এবার অস্ট্রেলিয়া বধের জন্য প্রস্তুত হচ্ছে আফগানিস্তান

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৪ এএম

গত ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে জিততে গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে হেরে গিয়েছিল আফগানিস্তান। সেই আফগানরা গতকাল চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। রুদ্ধশ্বাস ম্যাচটির পর আফগান কোচ জোনাথন ট্রট বলেছেন, আফগানিস্তানকে হালকাভাবে নেওয়ার দিন শেষ। তাদের লক্ষ্য এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচ জয়।

ট্রট বলেছেন, ‘আগে হয়তো সূচিতে এই ম্যাচটি দেখে লোকে ভাবত, ঐতিহ্যবাহী কোনো টেস্ট দলের সঙ্গে খেলার চেয়ে এটি সহজ হবে। তবে এই সংস্করণে, এমন কন্ডিশনে, আমার এখন আর তা মনে হয় না। আমি যা দেখি, আমাদের প্রতিটি ম্যাচই হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং প্রতিটি ম্যাচেই আমরা জয়ের প্রত্যাশা নিয়ে নামি। অস্ট্রেলিয়াও আমাদেরকে হালকাভাবে নেবে না।’

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিতে ওঠার পথে অস্ট্রেলিয়ানদের পর্যদুস্ত করেছিল আফগানিস্তান। চলতি আসরেও দল সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানান ট্রট, ‘আমি কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনবার অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছি এবং তিনবারই আমরা লড়াইয়ে ছিলাম প্রবলভাবে। আমি ছেলেদেরকে বলব, আজকে রাতটা উপভোগ করতে। এটা নিশ্চিত করব যে, কালকে সকালে ঘুম থেকে উঠে দ্রুত ওরা অস্ট্রেলিয়ার জন্য তৈরি হওয়া শুরু করবে। আমাদের মনোযোগ এখন অস্ট্রেলিয়ার দিকে।’

আফগানিস্তান দলটিকে এই পর্যায়ে নিয়ে আসার পেছনে ট্রটের অবদান অনেক। স্মরণীয় জয়ের পর তিনি স্মরণ করলেন অতীতকে, ‘আমি যখন দায়িত্ব নেই, দলে তখন পরিপক্কতার অভাব ছিল। প্রস্তুতির ব্যাপারটি ছিল এখানে বড়, নিজেদেরকে নিয়ে তারা যেভাবে ভাবে, মাঠের বাইরে যেভাবে নিজেদের পরিচালনা করে, এসব দিয়েই আসলে মাঠের ভেতরে ভালো কিছু করার সেরা সুযোগ নিজেকে দিতে হয়।’

আগামী শুক্রবার লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। ট্রট আরও বলেন, ‘এই ছেলেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক ম্যাচ খেলে, যা দারুণ ব্যাপার। এভাবে তারা উন্নতি করছে, বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে ওরা খেলতে পারছে এবং কাছ থেকে দেখতে পাচ্ছে, কীভাবে তারা পারফর্ম করে। সেই অভিজ্ঞতা তারা আফগানিস্তান দলেও বয়ে আনে, সবকিছুর সংমিশ্রণ ঘটায় এবং আমরা এমন রাতগুলোর দেখা পাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত