বৃষ্টিতে ভাসছে রাওয়ালপিন্ডি; ক্রিকেটাররা মাঠে, হয়নি টস

রাওয়ালপিন্ডিতে নিয়মরক্ষার ম্যাচে আজ মুখোমুখি স্বাগতিক পাকিস্তান আর বাংলাদেশ। তবে আবহাওয়ার পূর্বাভাসেই আজ বৃষ্টির শঙ্কা ছিল। বাস্তবে হয়েছেও তাই। গতকাল বুধবার রাতে বৃষ্টি হয়েছে। আজ সকালে একটু থামলেও আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল। এই মুহূর্তে বৃষ্টি হওয়ায় টস সময়মতো হতে পারেনি। তাছাড়া রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থাও সুবিধার নয়।

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ-এ থেকে ইতোমধ্যেই বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ আর পাকিস্তানের। দুটি দলই তাদের প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হেরেছে। পারফর্মেন্স হয়েছে যাচ্ছেতাই। এই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত আর নিউজিল্যান্ড। এ কারণে আজকের ম্যাচটি স্রেফ নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। ম্যাচ পরিত্যক্ত হলে দুই দল এক পয়েন্ট করে পাবে, যা কোনো কাজেই আসবে না।

উল্লেখ্য চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়ে আট দলের এই টুর্নামেন্টে দল নিয়ে গিয়ছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর ভারতের কাছে ৬ উইকেট ও নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হারতে হয়েছে। অন্যদিকে আয়োজক দেশ পাকিস্তানও নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হারের পর ভারতের কাছে হেরেছে ৬ উইকেটে।