কিশোরগঞ্জ-৩ আসন

জামায়াতের প্রার্থী সাবেক রাষ্ট্রপতি হামিদের শ্যালক

কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মধ্যে জামায়াতে ইসলামী এর আগে পাঁচটি আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছিল। বাকি ছিল কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্যালক কর্নেল (অব.) ডা. অধ্যাপক জিহাদ খানকে। কেন্দ্র থেকে গত বৃহস্পতিবার এই আসনের প্রার্থী হিসেবে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ডা. জিহাদের নাম ঘোষণা করা হয় বলে জানা গেছে।

 জিহাদ খান ইবনে সিনা হাসপাতালে কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদরোগ বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তিনি দুই বারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক। জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদে বাড়ি তার।

 জিহাদ খানের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী। তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.) প্রফেসর ডাক্তার জিহাদ খানকে নির্বাচিত করা হয়েছে।’

এর আগে গত ১ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের অন্য পাঁচটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছিল জামায়াতে ইসলামী। তাদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভূঁইয়া, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা, কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়াচর) আসনে ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হুসাইন।