বাণিজ্য উপদেষ্টা বললেন

রমজানে নিত্যপণ্যের সমস্যা ৭ দিনে সমাধান হবে

বাজারে তেলসহ রমজানের প্রয়োজনীয় সব নিত্যপণের দাম নিয়ে যে সমস্যা চলছে, তা আগামী ৭ দিনের মধ্যে সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গতকাল শুক্রবার দুপুরে সাভারের হেমায়েতপুর হরিণধরা এলাকায় বিসিক চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে ট্যানারি মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, আগামী ৭ দিনের মধ্যেই তেল, খেজুর, ছোলাসহ রমজানের যত পণ্য আছে সব পণ্যের দাম কমবে এবং সাধারণ মানুষের নাগালের ভেতরে আসবে। এ ছাড়া যথেষ্ট পরিমাণে খাদ্যপণ্য মজুদ থাকায় কোনো সংকট হবে না বলেও জানান তিনি।

চামড়া শিল্পনগরী পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তা ও ট্যানারি মালিকরা উপস্থিত ছিলেন। এ সময় সবার সঙ্গে মতবিনিময় করে তিনি ট্যানারি মালিকদের পরিবেশ দূষণ থেকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন বাণিজ্য উপদেষ্টা।