চৌদ্দগ্রাম

ডাকাতি প্রতিরোধে ব্যর্থ, হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ডাকাতি প্রতিরোধে ব্যর্থতার ঘটনায় চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিদর্শক খাইরুল আলম।

তিনি বলেন, সম্প্রতি মহাসড়কে ডাকাতির ঘটনা বেড়ে চলছে। এ ঘটনা হাইওয়ে পুলিশ উদ্বেগ প্রকাশ করছে। মহাসড়কে ডাকাতির ঘটনা প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে ওসি জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, মহাসড়কে চৌদ্দগ্রাম অংশে গত ২ মাসে ৪টি ডাকাতির ঘটনা ঘটে। ১৫ জানুয়ারি মহাসড়কের মিশ্বানী এলাকায় ৩০০ বস্তা চাল ভর্তি ট্রাক পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে। গত ৮ ফেব্রুয়ারি মহাসড়কের পাশে অবস্থিত মিয়া বাজার মসজিদ মার্কেটে প্রীতি জুয়েলার্স নামে স্বর্ণ দোকানে ডাকাতি হয়। এ সময় ডাকাত দল গুলি ও ককটেল বিস্ফোরণে ৩৫ ভরি স্বর্ণ লুটে নিয়ে যায়। ২৭ ফেব্রুয়ারি ভোরে ফাল্গুনকরা মাজার নামক স্থানে কুয়েত প্রবাসী নাইমুল ইসলামকে বহনকারী মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। ১ মার্চ একই জায়গায় মালেশিয়া প্রবাসী বেলাল হোসেনের প্রাইভেটকারেও একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটে।