কুমিল্লার লাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল ইসলাম।
একই সঙ্গে লাকসামে ইনডোর স্টেডিয়াম নির্মাণ, মনোহরগঞ্জে নতুন স্টেডিয়াম প্রতিষ্ঠা এবং কুমিল্লায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে লাকসাম স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন প্রতিমন্ত্রী।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, লাকসামের ক্রীড়াঙ্গনের উন্নয়নে মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তর করা হবে। পাশাপাশি সেখানে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। মনোহরগঞ্জে জমি অধিগ্রহণের মাধ্যমে নতুন স্টেডিয়াম প্রতিষ্ঠা এবং কুমিল্লা জেলায় বিকেএসপি প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম।
কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপাত জাহান, লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লায়লী ও মনোহরগঞ্জ থানার ওসি মাকসুদ আহমেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন— লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল হাসেম মানু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় বিপ্লব ভট্টাচার্যসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতারা।
অনুষ্ঠানের অংশ হিসেবে লাকসাম উপজেলা প্যানেল ও মনোহরগঞ্জ উপজেলা প্যানেলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দুই উপজেলার খেলোয়াড়দের অংশগ্রহণে ম্যাচটি ঘিরে দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকেরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার ঘটানো এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাঁদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ তৈরি করা।