দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে নগরে এ কর্মসূচি পালন করা হয়।
বিকেলে নগরের কান্দিরপাড়ে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি রাজগঞ্জ, মোগলটুলী ও ঈদগাহ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন— মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জ্যেষ্ঠ সহসভাপতি আমিরুজ্জামান ভূঁইয়া, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো সংগঠনের নামে সন্ত্রাস, নৈরাজ্য, বিশৃঙ্খলা কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, যত দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দেশ থাকবে, তত দিন এ দেশ পথ হারাবে না। কোনো পতিত ফ্যাসিবাদী শক্তি এ দেশে আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। দেশের জনগণ সব দেশবিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।