মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। গত রবিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান গতকাল সোমবার দুপুরে দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

শায়রুল বলেন, ‘গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠান ছিল। সেখানে প্রচুর ধুলাবালু থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন বিএনপি মহাসচিব। দুই দিন যাবৎ খারাপ লাগছিল তার। গতকাল (রবিবার) চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমি মাত্রই খোঁজ নিয়ে এলাম। বিএনপি মহাসচিব আজ (গতকাল) অনেকটা সুস্থ অনুভব করছেন। চিকিৎসক ও মহাসচিবের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে; সেই সঙ্গে অনুরোধ, হাসপাতালে দেখতে যাওয়ার জন্য কেউ যেন অযথা ভিড় না করেন।’

ইউনাটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালট্যান্ট অধ্যাপক এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধায়নে মির্জা ফখরুল চিকিৎসাধীন আছেন। হাসপাতালে তার পাশে আছেন তার সহধর্মিণী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহ।

লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে মহাসচিবের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।

হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপি মহাসচিবের সোডিয়াম লেভেল কমে গিয়েছিল। তার বুকে কাশি জমাট বাঁধায় শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, প্রচ- দুর্বলতা বোধ করছিলেন। এসব সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদরোগের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।