মেডিকেল টেকনোলজিস্টদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 

স্বাস্থ্য অধিদপ্তরের ২০১৩ সালে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ দেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন মেডিকেল টেকনোলজিস্টরা। 

তারা বলেছেন, ‘অবিলম্বে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন না করা হলে আমরা যেকোনো ধরনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো এবং তার সকল দায় দ্বায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে।’

গতকাল সোমবার বাংলাদেশ বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের (বিপিএসএমটিএ) সভাপতি মো. শফিকুল ইসলাম এবং মহাসচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। 

বিবৃতিতে বলা হয়, ২০১৩ সালের জানুয়ারি মাসে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক মেডিকেল টেকনোলজিস্টদের ৪২০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়। নিয়োগ বিজ্ঞপ্তি জারি হওয়ার পর কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাশকৃতরা সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির বিরুদ্ধে একটি রিট মামলা দায়ের করেন। ফলে নিয়োগ প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে আইনী লড়াই শেষে সুপ্রিমকোর্টে উক্ত মামলাটি গত ২০১৬ সালের নভেম্বর মাসে চূড়ান্ত নিষ্পত্তি হয় এবং নিয়োগের ক্ষেত্রে আইনি জটিলতা কেটে যায়। কিন্তু আইনি জটিলতা কেটে যাওয়ার দীর্ঘ ৯ বছর পরেও স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেল টেকনোলজিস্টদের ৪২০টি পদে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করেনি।

এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় বিবৃতিতে তীব্র ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করা হয়। বলা হয়, দীর্ঘদিনেও নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন না হওয়ায় অধিকাংশ মেডিকেল টেকনোলজিস্টদের চাকরির বয়স উত্তীর্ণ হয়ে গেছে। এমন অবস্থায় উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ সম্পন্ন না হলে ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীরা আর কোনো দিনই সরকারি চাকরি পাবেন না।

বিবৃতিতে বলা হয়, ফ্যাসিস্ট সরকারের পতনের পরে বিপিএসএমটিএ এর পক্ষ থেকে ২০১৩ সালের জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে বৈষম্য দূর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের নিকট আবেদন/নিবেদন করার পরেও তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ নেননি।