প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মইনউদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়্যব।
গতকাল বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, বিশেষ সহকারী থাকাকালীন তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় রয়েছে খোদ প্রধান উপদেষ্টার হাতে। আর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, যিনি একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেল মন্ত্রণালয়েরও উপদেষ্টা।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত প্রায় সাত মাসে কয়েক দফায় উপদেষ্টা পরিষদে রদবদল ও নতুন নিয়োগ হয়েছে। প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারে এখন উপদেষ্টা ২৩ জন।
অন্তর্বর্তী সরকারের এখন উপদেষ্টার পদমর্যাদায় একজন বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক), একজন বিশেষ দূত (আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত) এবং একজন হাই রিপ্রেজেনটেটিভ (রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত) রয়েছেন। এ ছাড়া প্রতিমন্ত্রীর মর্যাদায় তিনজন বিশেষ সহকারী স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন দুজনসহ প্রধান উপদেষ্টার পাঁচজন বিশেষ সহকারী, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় থাকা ব্যক্তিরা পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে গত ২৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। তিনি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হয়েছেন।