হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কোনো অজুহাতেই নির্বাচনী ব্যবস্থাকে পেছানোর সুযোগ নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকারই শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’

গতকাল বুধবার দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লারস অ্যাসোসিয়েশন আয়োজিত গোলটেবিল বৈঠকে খসরু এসব কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে খসরু বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে নানা প্রস্তাব জুড়ে দেওয়া ফ্যাসিবাদী চরিত্রের মতো। একটি পক্ষের নিজস্ব প্রস্তাব বাস্তবায়ন করতেই হবে, এমন মনোভাব পতিত স্বৈরাচার শেখ হাসিনার মনোভাবকে স্মরণ করিয়ে দেয়। বিচারিক বিষয়ে আইনি প্রক্রিয়ার সঙ্গে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। স্বাধীন বিচার বিভাগ বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা কাম্য নয়। শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘দূষণের দোহাই দিয়ে শিপ ব্রেকিংয়ের মতো শিল্পকে শুধুই মনিটরিং করা হচ্ছে। এক্ষেত্রে সাহায্য করার কথা ভুলে গেছে সরকার। এ শিল্পকে বাধাগ্রস্ত না করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাই। বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসতে পারলে সব ট্রেড সংগঠনকে সেলফ রেগুলেট করা হবে।’