২০২২ সালে রাশিয়ার পূর্ণ মাত্রার সামরিক হামলার পর যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া প্রায় ২ লাখ ৪০ হাজার ইউক্রেনীয়কে অস্থায়ী আইনি মর্যাদা বাতিল করার পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ট্রাম্পের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় শরণার্থীদের টেম্পরারি লিগ্যাল স্ট্যাটাস বাতিল করা হলে তাদের দ্রুত সময়ের মধ্যে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে, যা আগামী এপ্রিলে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনীয়দের যুক্তরাষ্ট্রে স্বাগত জানিয়েছিলেন। তবে বর্তমান ট্রাম্প প্রশাসন ঠিক তার উল্টোটা ঘটাতে যাচ্ছে।
গত সপ্তাহে ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে প্রকাশ্যে বাগবিতণ্ডার আগেই ইউক্রেনীয়দের ফেরত পাঠানোর ব্যাপারে আলোচনা শুরু হয়। বাইডেনের আমলে প্রায় ১৮ লাখ মানুষকে অস্থায়ী আশ্রয় প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল। এখন সেগুলো বাতিলের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। ২ লাখ ৪০ হাজার ইউক্রেনীয় ছাড়াও ৫ লাখ ৩০ হাজার কিউবিয়ান, হাইতিয়ান, নিকারাগুয়ান এবং ভেনেজুয়েলান্সের অস্থায়ী আশ্রয় বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরপর দ্রুত সময়ের মধ্যে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। এতে আছে ৭০ হাজার আফগানও। যারা যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যকার যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছিল। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করলে তাদের অনেকে ভয়ে পালিয়ে যান। কিন্তু তারাও এখন ট্রাম্পের নীতির বলি হতে যাচ্ছেন।