অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্কার চায়, তাহলে নির্বাচন ডিসেম্বর মাসে হবে আর যদি একটু বেশি সংস্কার চায়, তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাক্তন দুই মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম ও ড্যানিলোভিচের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন।
অধ্যাপক ইউনূস কূটনীতিকদের বলেন, ‘ছয়টি কমিশনের সুপারিশ করা সংস্কারের বিষয়ে সংলাপ শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। জুলাই সনদ আমাদের পথ দেখাবে। অন্তর্বর্তী সরকার জুলাই সনদে প্রদত্ত সুপারিশের কিছু অংশ বাস্তবায়ন করবে। বাকি অংশ রাজনৈতিক সরকারগুলো বাস্তবায়ন করবে।’
দুই প্রাক্তন কূটনীতিক প্রধান উপদেষ্টাকে স্বাধীনতা অধিকারের কাজ এবং দেশকে গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করার প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশে এর কাজ সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। এ সময় ড. ইউনূস অলাভজনক গোষ্ঠীর কাজ এবং বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমর্থন করার জন্য দুই কূটনীতিকের প্রচেষ্টার প্রশংসা করেন।
রাষ্ট্রদূত মিলাম ১৯৯০-এর দশকের গোড়ার দিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান বাংলাদেশে ব্যাপক সংস্কার বাস্তবায়ন এবং সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বড় সুযোগ এনে দিয়েছে।
ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত জন ড্যানিলোভিচ বলেন, ভুয়া সংবাদ এবং বিভ্রান্তির হুমকি মোকাবিলায় বাংলাদেশের ইতিবাচক বক্তব্য এবং গুরুতর প্রচেষ্টা প্রয়োজন।
তারা বর্তমান বাংলাদেশ-মার্কিন সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং বহুল নির্যাতিত মিয়ানমার শরণার্থীদের জন্য সাহায্য হ্রাসের প্রভাব, পূর্ববর্তী শাসনামলে চুরি হওয়া কোটি কোটি ডলার পুনরুদ্ধার, সার্ক পুনরুজ্জীবিত করার জন্য প্রধান উপদেষ্টার প্রচেষ্টা এবং আসন্ন নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা করেন। রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম এবং মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের সভাপতি এবং নির্বাহী পরিচালক।
ভ্যাটিকান সিটিতে মানব ভ্রাতৃত্বের বিশ্বসভায় প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ ক্যাথোলিক বিশ্বাসীদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভ্যাটিক্যান সিটিতে অনুষ্ঠেয় বিশ্ব মানবিক ভ্রাতৃত্ববোধ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে ভ্যাটিকানের ফন্ডাজিওন ফ্রাতেলি টুট্টির সাধারণ সম্পাদক ফাদার ফ্রান্সেসকো ওচেত্তা এই আমন্ত্রণের কথা জানান। ওচেত্তা নোবেল বিজয়ী প্রফেসর ইউনূসের বিশ্বব্যাপী প্রভাবের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে তাকে বলেন, ‘আপনি একজন শীর্ষ নেতা, আপনি একজন সেনসেশনাল ফিগার।’
আলোচনাকালে প্রফেসর ইউনূস পোপ ফ্রান্সিসের খোঁজখবর নেন ও শুভেচ্ছা জানান এবং বলেন, ‘তিনি (পোপ) একজন চমৎকার মানুষ।’ জবাবে ওচেত্তা বাংলাদেশের প্রতি তার ফাউন্ডেশনের মূল্যায়নের ওপর জোর দিয়ে বলেন, ‘আমরা এখানে শুধু আপনাদের আমন্ত্রণ জানাতে আসিনি, বরং বাংলাদেশের প্রতি আমাদের সমর্থন, যতœ ও ভালোবাসা দেখাতে এসেছি। প্রফেসর ইউনূস আমন্ত্রণের জন্য ওচেত্তাকে ধন্যবাদ জানান এবং এই অনুষ্ঠানের জন্য তার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘আমি এটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’